এ সম্পর্কিত আরও খবর
দমবন্ধ হয়ে বাসের বক্সে ৫৫ ছাগলের মৃত্যু
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ০৯:৫৩ পিএম
-
ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুর প্রতিনিধি: লালমনিরটহাট থেকে যাত্রীবাহী বাসের বক্সের ভেতরে করে আনা লক্ষ্মীপুরের ব্যবসায়ী মো. ফারুকের ৪৭টিসহ ৫৫টি ছাগল দমবন্ধ হয়ে মারা গেছে। ছাগলের প্রতি এমন নিষ্ঠুর আচরণের দায়ে বাস সুপারভাইজার আবুল হাশেম ও ছাগল ব্যবসায়ী মো. ফারুককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এরমধ্যে ফারুক জানিয়েছে, ছাগলের মৃত্যুতে তার প্রায় ১০ লাখ টাকা ক্ষতি হয়েছে।
শনিবার (২৮মার্চ) সন্ধ্যায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ক্যাথোয়াইপ্রু মারমা বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে দুপুরে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হাশেম ও ফারুককে ১০ হাজার টাকা জরিমানা করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন হাশেম লালমনিরহাট জেলার সাপটানা এলাকার মৃত খায়ের উল্যার ছেলে ও ফারুক লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর গ্রামের মো. খোকনের ছেলে। হাসেম বাসের সুপারভাইজার ও ফারুক ছাগল ব্যবসায়ী।
ছাগল মালিক ও উপজেলা প্রশাসন সূত্র জানায়, লালমনিরহাট থেকে শুক্রবার (২৭ মার্চ) রাতে আনিন্দ্য পরিবহণের একটি যাত্রীবাহী বাসের (ঢাকা মেট্রো ব-১২৪৫৫৭) বক্সের ভেতর গাদাগাদি করে ফারুক ৪৭ টি ছাগল লক্ষ্মীপুরে নিয়ে আসে। একইসঙ্গে নোয়াখালীর এক ব্যবসায়ীর ৮টি ছাগলও আনা হয়। ৫৫ টি ছাগল বাসের বক্সে গাদাগাদি করে রাখা হয়েছিল। এতে দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে তীব্র গরম ও পর্যাপ্ত বাতাসের অভাবে ছাগলগুলো দমবন্ধ হয়ে মারা যায়। এ ঘটনায় ফারুক বাস চালক ও সুপারভাইজারের ওপর ক্ষিপ্ত হয়ে উঠে। একপর্যায়ে ফারুক বিষয়টি সদর মডেল থানা পুলিশকে জানায়। পরে পুলিশ দুই পক্ষকেই সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে সোপর্দ করে। এ ঘটনায় ছাগলের প্রতি নির্দয় এবং নিষ্ঠুর আচরণের দায়ে ইউএনও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুইপক্ষের ১০ হাজার টাকা জরিমানা করেন।
ছাগল ব্যবসায়ী মো. ফারুক বলেন, লালমনিরহাটের হাতিবান্ধা থেকে আমার বাবা ছাগলগুলো কিনে বাসে করে লক্ষ্মীপুরে পাঠিয়েছে। প্রায় ২ বছর ধরেই এভাবে বাসের বক্সে করে আমরা ছাগল নিয়ে আসছি। প্রতি ছাগলের জন্য ৩০০ টাকা ভাড়া নেয় বাস কর্তৃপক্ষ। কখনো কোন ছাগল মারা যায়নি। কিন্তু এবার বাস চালক ও সুপারভাইজারের অবহেলার কারণে ছাগলগুলোর মৃত্যু হয়েছে। এতে আমাদের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাসের সুপারভাইজার আবুল হাসেম বলেন, ৫৫ টি ছাগল লালমনিরহাট থেকে এনেছি। এরমধ্যে ফারুকের ৪৭টি ও নোয়াখালীর এক ব্যবসায়ীর ৮টি ছাগল ছিল। পথে ছাগলগুলো ভালোই ছিল। কিন্তু নোয়াখালীর চৌরাস্তায় এসে ৮ টি ছাগল নামানোর সময় দেখি সবগুলো মরে পড়ে আছে।
লক্ষ্মীপুর সদর উপজেলা প্রাণী সম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন সোহেল রানা বলেন, পর্যাপ্ত বাতাসের অভাবে গরমে দমবন্ধ হয়ে সবগুলো ছাগল মারা গেছে। ছাগলগুলোর প্রতি নিষ্ঠুর আচরণ করা হয়েছে। এ অপরাধে ভ্রাম্যমাণ আদালত বাস সুপারভাইজারের ৫ হাজার ও ছাগল ব্যবসায়ীর ৫ হাজার টাকা জরিমানা করেছেন। ভবিষ্যতের জন্য উভয়পক্ষকে সতর্ক করা হয়েছে। মৃত ছাগলগুলোকে মাটিতে পুঁতে ফেলার সিদ্ধান্ত দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন