এ সম্পর্কিত আরও খবর
মাংস ওজনে কম দেওয়ার প্রতিবাদে ক্রেতাকে মারধরে মামলা
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ০৯:৪৭ এএম
-
ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে গরুর মাংস ওজনে কম দেওয়ার প্রতিবাদ করায় ক্রেতা নুরুল ইসলামকে পিটিয়ে আহত করার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এতে কসাই মো. বাহার, তার ছেলে মো. সাহেদ ও কর্মচারী তোফায়েল আহমদকে আসামি করা হয়।
ঘটনার তিনদিন পর রোববার (২৯ মার্চ) দুপুরে আহত নুরুল ইসলামের বাবা আব্দুল হক বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এরআগে বৃহস্পতিবার (২৬ মার্চ) তোরাবগঞ্জ বাজারে তার ওপর হামলা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আহত নুরুল ইসলাম উপজেলার চর কালকিনি ইউনিয়নের চরসামসুদ্দিন গ্রামের আবদুল হকের ছেলে।
মামলা সূত্র জানায়, ছোট ভাইয়ের বিয়ের অনুষ্ঠানের জন্য কসাই বাহারের দোকানে নুরুল ইসলাম মাংস কিনতে যান। মাংস কাটার সময় অতিরিক্ত হাড় ও চর্বিসহ ওজনে কম দেওয়ার বিষয়টি তিনি লক্ষ্য করেন। এতে তিনি প্রতিবাদ করেন। এনিয়ে উভয়পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে বাহার, তার ছেলে সাহেদ ও দোকানের কর্মচারীরা নুরুল ইসলামের ওপর হামলা চালায়। একপর্যায়ে লঠিসোটা দিয়ে তাকে পিটিয়ে আহত করে। এতে তিনি ঘটনাস্থলে অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি কনের। এদিকে নুরুল ইসলামের ওপর হামলার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
স্থানীয়রা জানায়, কসাই বাহার ওজনে মাংস করে দেন। তিনি তোরাবগঞ্জ বাজারে সিন্ডিকেট করে রেখেছেন। ওজনে কমসহ অতিরিক্ত দাম নিয়ে থাকেন। এছাড়া মাঝে মাঝে পুরনো মাংস বিক্রি করে। প্রতিবাদ করলে তিনি ক্রেতাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। শুধুর নুরুল ইসলাম নয়, আরও অনেক ক্রেতার গায়ে তারা হাত তুলেছেন।
বাদী আব্দুল হক বলেন, আমার ছেলেকে বেদম পিটিয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতাল থেকে ঢাকায় নিতে বলা হয়েছে। আর্থিক সংকটের কারণে তাকে ঢাকায় নিতে পারছি না। এ ঘটনায় আমি থানায় মামলা করেছি। আমি এর সুষ্ঠু বিচার চাই।
অভিযুক্ত বাহার কসাই সাংবাদিকদের কাছে মারধরের ঘটনাটি ‘সামান্য হাতাহাতি’ বলে দাবি করেছেন। তিনি বলেন, মাংস বিক্রি করতে গেলে কিছু চর্বি দিতেই হয়। এ নিয়ে কথা কাটাকাটি হয়েছে। ছেলে রাগের মাথায় তাকে আঘাত করেছে।
এ ব্যাপারে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম বলেন, ভুক্তভোগীর বাবা মামলা দিয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন