এ সম্পর্কিত আরও খবর
সালিশে রক্তঝড়, শ্বশুরবাড়িতে জামাইয়ের তাণ্ডবে আহত ৬
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ পিএম
-
ছবি: সংগৃহীত
পটুয়াখালী পৌরসভায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে শ্বশুরবাড়িতে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে চাচা শ্বশুরের পরিবারের ছয়জনকে গুরুতর আহত করেছেন জামাই মো. দেলোয়ার (৪০)।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর দেড়টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কলাতলা এলাকায় এ রক্তাক্ত ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঘটনার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত দেলোয়ারকে আটক করা হয়েছে। গুরুতর আহতদের উদ্ধার করে প্রথমে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহতরা হলেন- শাবনুর (২২), মুক্ত (২৫), নাজমা (৩৫), হোসেনা (৫৫), জুয়েল (২৫) ও সোহেল (২৭)। তারা সবাই অভিযুক্তের চাচা শ্বশুরবাড়ির সদস্য ও স্থানীয় বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল দুই পক্ষের মধ্যে। বিরোধ মেটাতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশ বৈঠক বসে। তবে বৈঠকে ভুক্তভোগীরা নিজেদের পক্ষে কথা বলায় ক্ষিপ্ত হয়ে দেলোয়ার হঠাৎ ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সালিশে সত্য ঘটনা তুলে ধরার পরই দেলোয়ার নিয়ন্ত্রণ হারিয়ে এ নৃশংস হামলা চালান।
পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অভিযুক্ত একাই হামলা চালিয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন