এ সম্পর্কিত আরও খবর
কমলনগরে নদীতে মাছ শিকারে নামায় ৬ জেলের কারাদণ্ড
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ০৬:১১ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশের অভয়াশ্রম মেঘনা নদীতে মাছ শিকারে নামায় ৬ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের কাছ থেকে ৬ টি নৌকা ও ৬ টি জাল জব্দ করা হয়।
এদিকে অভিযানের সময় অভয়াশ্রমের নদীর মাছ বিক্রি না করতে হাজিরহাট বাজারে মাছ ব্যবসায়ীদেরকে সতর্ক করা হয়েছে। অবৈধভাবে মাছ বিক্রয়কালে প্রায় ৪ কেজি ইলিশ জব্দ করে স্থানীয় এতিমখানা দেওয়া হয়।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে কমলনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাত হুসাইন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক জেলেদের সাজা দেন। এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তূর্য সাহা, কমলনগর থানা পুলিশ ও কোস্টগার্ড সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন ও মৎস্যবিভাগ সুত্র জানায়, মার্চ এপ্রিল দুই মাস জাটকা সংরক্ষণে ইলিশের অভয়াশ্রম রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত ১০০ কিলোমিটার মেঘনা নদী এলাকায় সকল ধরণের মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এসময় মাছ আহরণ, বিক্রি-ক্রয়, পরিবহণ দণ্ডনীয় অপরাধ। নিষেধাজ্ঞা অমান্য করলে জরিমানা, কারাদন্ড ও উভয় দণ্ডের বিধান রয়েছে।
কমলনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাত হুসাইন বলেন, যৌথ অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকারে যাওয়া ৬ জেলে আটক হয়েছে। তাদের প্রত্যেকের ১ মাস করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিনাশ্রম কারাদণ্ড দেওয় হয়েছে। তাদের কাছ থেকে জব্দ জাল আগুনে পুড়ে বিনষ্ট করা হয়ছে। এ অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন