এ সম্পর্কিত আরও খবর
কৃষককে মারধরে গ্রেপ্তার ২, পাল্টা মামলায় হয়রানির অভিযোগ
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ১০:১২ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে জমি নিয়ে বিরোধের জের ধরে কৃষক আবুল কাশেমকে মারধরের ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে কাশেমসহ ১৬ জনের বিরুদ্ধে পাল্টা মামলা করেছে বলে অভিযোগ উঠেছে হামলাকারীদের বিরুদ্ধে।
শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় জেলা শহরের একটি চাইনিজ রেস্তোঁরায় এক সংবাদ সম্মেলন করা হয়। এতে হয়রানিমূলক মামলায় প্রশাসনের হস্তক্ষেপ চান কাশেম ও তার পরিবারের সদস্যরা। কাশেম কমলনগর উপজেলার চরফলকন ইউনিয়নের ফলকন গ্রামের মানিক জমাদার বাড়ির বাসিন্দা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, কাশেম বাড়ির ইয়াছিনের কাছ থেকে ৫ বছর আগে সাড়ে ১১ শতাংশ জমি ক্রয় করে। পরে ইয়াছিনের মা মেহের আনজুকে অস্থায়ীভাবে থাকার জন্য ২ শতাংশ জমি দেওয়া হয়। সেখানে ইয়াছিনের ভগ্নিপতি নজরুল ইসলাম পরিবার নিয়ে এসে বসতি শুরু করে। এতে বাধা দিলে বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে নজরুল, তার ছেলে কালুসহ স্বজনরা কাশেমকে মারধর করে। এ ঘটনায় কাশেমের বোন শাহিনুর বেগম বাদী হয়ে কমলনগর থানায় মামলা দায়ের করেন। এতে আসামি নজরুল ও তার ছেলে কালুকে গ্রেপ্তার করা হয়।
আবুল কাশেম অভিযোগ করে বলেন, আমাদের মামলায় দুইজন গ্রেপ্তার রয়েছে। মূলত আমাদের মামলাকে প্রতিহত করতেই তার নিজেদের ঘর ভাঙচুর করে নজরুলের মেয়ে ফাতেমা আক্তার পাল্টা মামলা দিয়েছে। এতে আমিসহ ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। এ ঘটনায় আমি সুষ্ঠু তদন্ত চাই।
নজরুলের মেয়ে ফাতেমা বেগম বলেন, আমাদের জমিতে ঘর তুলতে গেলে কাশেমরা বাধা দেয়। এতে দু’পক্ষের মধ্যেই মারামারি হয়েছে। কিন্তু কাশেমের বোন আমাদের বিরুদ্ধে মামলা করেছে। আমার বাবা ও ভাইকে পুলিশ গেপ্তার করেছে, তারা এখন কারাগারে আছে। সেই সুযোগে শুক্রবার (৩ এপ্রিল) ভোরে কাশেমসহ তার লোকজন আমাদের ঘর ভাঙচুর করে। এ ঘটনায় আমি কাশেমসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করেছি।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম বলেন, মারামারির ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। একটি মামলায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা সামনে আসবে।
সম্পাদক ও প্রকাশক: ফরিদ উদ্দিন আহমেদ
ঠিকানা: ১৩/পি, বীর উত্তম সি.আর.দত্ত রোড, নাসির পয়েন্ট, ২য় তলা, বাংলামটর, ঢাকা-১০০০
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন