এ সম্পর্কিত আরও খবর
পটুয়াখালীতে তালা ভেঙে আ’লীগ অফিস দখল
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় আওয়ামী লীগ কার্যালয়ের তালা ভেঙে দখলের অভিযোগ ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত উপজেলা মহিলা দলের সভানেত্রী সালমা বেগম লিলির স্বামী মিলন বেপারী। গত বৃহস্পতিবার (৯এপ্রিল) সকালে কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে রান্নার লাকড়িসহ বিভিন্ন মালামাল রেখে সেটিকে গুদামঘর হিসেবে ব্যবহার শুরু করেন বলে অভিযোগ ওঠে।
ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। প্রতিবাদে সরব হয়ে ওঠেন রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
স্থানীয় সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর একাধিকবার কার্যালয়টিতে হামলা ও ভাঙচুর চালানো হয়। এতে এসি, ফ্যানসহ মূল্যবান আসবাবপত্র নষ্ট হয়ে যায়। এরপর থেকেই কার্যালয়টি অরক্ষিত অবস্থায় ছিল।
এদিকে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের কর্মকাণ্ড দল কোনোভাবেই সমর্থন করে না এবং এটি সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু বলেন, বিষয়টি তার জানা নেই এবং দলের কেউ এ ধরনের কাজে জড়িত নয়।
অভিযোগ অস্বীকার করে মিলন বেপারী দাবি করেন, “আমি কোনো তালা ভাঙিনি, অফিসটি খোলা ছিল। আমার গাছ ঝড়ে পড়ে যাওয়ায় সেগুলো কেটে সেখানে রেখেছি।” তিনি আরও দাবি করেন, জায়গাটি তাদের নিজস্ব সম্পত্তি এবং প্রয়োজনীয় কাগজপত্র তার কাছে রয়েছে।
অন্যদিকে সালমা বেগম লিলি বলেন, জমিটি তাদের পৈতৃক সম্পত্তি, যেখানে আগে তাদের টিনের ঘর ও ফলজ গাছ ছিল। তার অভিযোগ, আওয়ামী লীগের নেতারা জোরপূর্বক জমি দখল করে সেখানে দলীয় কার্যালয় নির্মাণ করেছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন