এ সম্পর্কিত আরও খবর
বাউফলে যমজ পাঁচ সন্তানের টিকে থাকার কঠিন লড়াইয়ে পরিবার
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ০৩:৫১ পিএম
-
ছবি: সংগৃহীত
বাউফল উপজেলা-এর কালীশুরী ইউনিয়নের চাদকাঠি গ্রামের বাসিন্দা ফারুক হাওলাদারের পরিবারে এক বিরল ঘটনার জন্ম হয়েছে। পরিবারের ২৩ বছর বয়সী লামিয়া বেগম একসঙ্গে পাঁচ সন্তান তিন ছেলে ও দুই মেয়ের জন্ম দেন।
গত বছরের ৬ অক্টোবর ২০২৫ সালে বরিশালের একটি বেসরকারি হাসপাতালে জন্ম নেয় এই পাঁচ নবজাতক। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে শুরুতে আনন্দের বন্যা বইলেও সময়ের সাথে সেই আনন্দ এখন রূপ নিয়েছে সংগ্রাম আর অনিশ্চয়তায়।
প্রতিদিন ভোর থেকেই শুরু হয় পরিবারের ব্যস্ততা। একসঙ্গে পাঁচ শিশুর যত্ন—গোসল, খাওয়ানো, কাপড় পরিবর্তন—সবকিছু সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছেন স্বজনরা। একজন ঘুমালে অন্যজন জেগে ওঠে—এভাবেই চলছে নিরবচ্ছিন্ন লড়াই।
লামিয়া বেগম বলেন, সন্তানদের সুস্থ রাখতে ঘুম-নিদ্রা কিছুই নেই। যদি সরকার বা কোনো সহৃদয় মানুষ পাশে দাঁড়াতো, তাহলে ওদের ভালোভাবে মানুষ করতে পারতাম।”
বর্তমানে লামিয়া বাবার বাড়িতেই অবস্থান করছেন। তার স্বামী সোহেল হাওলাদার একজন ক্ষুদ্র মুদি দোকানদার। সীমিত আয়ে পাঁচ সন্তানের ব্যয় বহন করতে গিয়ে পরিবারটি প্রায় নিঃস্ব হয়ে পড়েছে।
শিশুদের নানী জানান, পাঁচটা নাতি-নাতনি পাওয়া আনন্দের, কিন্তু তাদের লালন-পালন করতে গিয়ে খুব কষ্ট হচ্ছে। সরকারের সহায়তা খুব প্রয়োজন।”
এ বিষয়ে উপজেলা সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সরাসরি সহায়তার ব্যবস্থা না থাকলেও বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ-এর একটি তহবিল থেকে আবেদন সাপেক্ষে অনুদান পাওয়ার সুযোগ রয়েছে।
একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম যেমন বিরল, তেমনি তাদের লালন-পালনও বড় চ্যালেঞ্জ। প্রয়োজনীয় সহায়তা পেলে পরিবারটি এই পাঁচ শিশুর নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে পারবে—এমনটাই মনে করছেন স্থানীয়রা।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন