এ সম্পর্কিত আরও খবর
লক্ষ্মীপুরে বিএনপি নেতা খুন, অভিযোগ ‘পিচ্চি কাউসার’-এর বিরুদ্ধে
- লক্ষ্মীপুর প্রতিবেদক
- প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ০৪:৪৮ এএম
-
অভিযুক্ত পিচ্চি কাউসার (ইনসেটে নিহত আবুল কালাম জহির) ছবি: নিউজ এক্সপ্রেস
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি নেতা আবুল কালাম জহিরকে (৫০) কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে। নিহত জহির চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। পরিবারের অভিযোগ, এই হত্যার সঙ্গে ‘সন্ত্রাসী’ ছোট কাউছার ওরফে পিচ্চি কাউছার জড়িত। পুলিশও তার সংশ্লিষ্টতা থাকতে পারে বলে জানিয়েছে।
ঘটনা শনিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার পশ্চিম লতিফপুর গ্রামে ঘটে। তবে রোববার (১৬ নভেম্বর) পর্যন্ত মামলা হয়নি। ময়নাতদন্ত শেষে মামলা করা হবে বলে জানিয়েছে পুলিশ।
বিএনপির যুগ্ম-মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ আসনের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, “কোনো হত্যাকাণ্ডই সমাধান নয়। চন্দ্রগঞ্জে গত ১৭ বছরে গুম ও হত্যার ঘটনা প্রায় প্রতিটি ওয়ার্ডে ঘটেছে। এদের পরিচয় নেই, এরা সন্ত্রাসী। ঘটনার সঠিক বিচার চাই।”
অভিযুক্ত পিচ্চি কাউছারের পুরো নাম কাউছার মানিক বাদল। তিনি চন্দ্রগঞ্জ ইউনিয়নে ছাত্রদলের সদস্য এবং পূর্বে এক হত্যার জন্য যাবজ্জীবন ও অন্য হত্যার জন্য ফাঁসির দণ্ডপ্রাপ্ত। ২০২৪ সালের ৭ আগস্ট ছাত্রদল থেকে তাকে বহিস্কার করা হলেও ৪ নভেম্বর তা প্রত্যাহার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, হত্যাকাণ্ডের সময় জহিরকে কুপিয়ে ফেলে রাখা হয় এবং মরদেহের পাশে গুলির খোসাও পাওয়া গেছে। নিহত জহির একসময় মাদক ও মাটির ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন, তবে পরে স্বাভাবিক জীবনে ফিরছিলেন। পুলিশ ধারণা করছে, আধিপত্য বিস্তারের বিরোধ ও মাদক ব্যবসার জেরেই হত্যা ঘটেছে।
নিহত জহিরের স্ত্রী ফেরদৌসী আক্তার সাংবাদিকদের বলেন, “কিছুদিন আগে পিচ্চি কাউছারের সঙ্গে জহিরের বাগবিতণ্ডা হয়েছে। তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এ হত্যাকাণ্ডের দায়ও তার।”
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়জুল আজীম জানিয়েছেন, “ময়নাতদন্ত শেষে নিহতের পরিবার মামলা করবেন। জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার অভিযান চলছে। হত্যাকাণ্ডে পিচ্চি কাউছারের জড়িত থাকার অভিযোগ রয়েছে।”
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন