এ সম্পর্কিত আরও খবর
লঞ্চে অসহায় শিশু, রেখে উধাও পরিচয়দাতা ‘বাবা’
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ০২:২৩ পিএম
-
ছবি: সংগৃহীত
পটুয়াখালীর বাউফল থেকে ঢাকাগামী একটি ডাবল ডেকার লঞ্চে ৬ থেকে ৮ মাস বয়সী এক কন্যাশিশুকে রেখে রহস্যজনকভাবে উধাও হয়েছেন এক ব্যক্তি, যিনি নিজেকে শিশুটির বাবা বলে পরিচয় দিয়েছিলেন। বুধবার (১৫এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালাইয়া লঞ্চঘাট থেকে ছেড়ে যাওয়া এমভি বন্ধন-৫ লঞ্চে এ ঘটনা ঘটে।
লঞ্চের যাত্রী ও সংশ্লিষ্টরা জানান, বিকেল ৪টার দিকে কালাইয়া লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে লঞ্চটি। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধুলিয়া লঞ্চঘাটে নোঙর করলে এক ব্যক্তি কোলে একটি শিশুকে নিয়ে লঞ্চে ওঠেন। তিনি নিজেকে শিশুটির বাবা পরিচয় দিয়ে অন্য যাত্রীদের সঙ্গে বসে কিছু সময় অবস্থান করেন।
একপর্যায়ে ওই ব্যক্তি জানান, শিশুটির মা লঞ্চে উঠবেন। এ কথা বলে তিনি লঞ্চ থেকে নেমে যান। নামার সময় পাশের যাত্রীদের কাছে শিশুটির দিকে খেয়াল রাখার অনুরোধও করেন। তবে লঞ্চটি ধুলিয়া ঘাট ত্যাগ করার পরও তিনি কিংবা শিশুটির কোনো স্বজন আর ফিরে আসেননি।
লঞ্চ ছাড়ার কিছু সময় পর শিশুটি কান্নাকাটি শুরু করলে বিষয়টি যাত্রীদের নজরে আসে। পরে তারা লঞ্চ কর্তৃপক্ষকে অবহিত করেন। এ সময় লঞ্চ কর্তৃপক্ষ শিশুটিকে কয়েকজন নারী যাত্রীর তত্ত্বাবধানে রাখেন।
লঞ্চের এক যাত্রী মো. সোহেল বলেন, ধুলিয়া ঘাট থেকে ওঠার পরপরই ওই ব্যক্তি শিশুটিকে রেখে ‘মা আসছে’ বলে নেমে যান। এরপর আর তাকে দেখা যায়নি।
এমভি বন্ধন-৫ লঞ্চের সুপারভাইজার মো. সজল জানান, কী কারণে শিশুটিকে রেখে ওই ব্যক্তি চলে গেছেন, তা এখনো জানা যায়নি। শিশুটি বর্তমানে নিরাপদে রয়েছে এবং তার পরিবারের সন্ধানে চেষ্টা চলছে।
কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আল মামুন বলেন, বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে জেনেছি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন