এ সম্পর্কিত আরও খবর
বন্যহাতির তাণ্ডবে ফসল রক্ষায় দিশেহারা কৃষকরা
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০৩:০৯ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
শেরপুরের গারো পাহাড় সীমান্ত এলাকায় বোরো মৌসুমকে সামনে রেখে বন্যহাতি ও মানুষের দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে। খাবারের সন্ধানে হাতির দল প্রায় প্রতিদিনই গহীন বন পেরিয়ে লোকালয়ে ঢুকে পড়ছে, এতে ফসলি জমি ও ঘরবাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটছে।
দীর্ঘ প্রায় তিন দশক ধরে চলমান এই সংঘাতে প্রতিবছরই প্রাণহানির সংখ্যা বাড়ছে। বন্যহাতির আক্রমণে মানুষের মৃত্যুর পাশাপাশি মানুষের পাতা বৈদ্যুতিক ফাঁদে বিরল এশীয় হাতির মৃত্যুও ঘটছে, যা পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয়রা জানান, বন উজাড়, পাহাড় দখল এবং খাদ্য সংকটের কারণে হাতির প্রাকৃতিক বিচরণক্ষেত্র সংকুচিত হয়ে পড়েছে। ফলে ক্ষুধার্ত হাতির দল লোকালয়ে এসে ধানক্ষেত, সবজি বাগান ও বসতবাড়িতে তাণ্ডব চালাচ্ছে। এতে কৃষকরা ফসল রক্ষায় প্রতিনিয়ত সংগ্রাম করছেন।
অন্যদিকে, বোরো মৌসুমকে সামনে রেখে হাতির উৎপাত বেড়ে যাওয়ায় সীমান্তবর্তী গ্রামগুলোতে চরম আতঙ্ক বিরাজ করছে। রাত হলেই শুরু হয় হাতির ভয়ে নির্ঘুম অপেক্ষা। মশাল জ্বালানো, টিন পেটানো কিংবা শব্দ করে হাতি তাড়ানোর চেষ্টা করেও অনেক সময় সফলতা মিলছে না।
স্থানীয়দের অভিযোগ, অতীতে সোলার ফেন্সিং ও বেত বাগান তৈরির মতো প্রকল্প নেওয়া হলেও তা দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে কার্যকর হয়নি। ফলে এসব উদ্যোগের সুফল সাধারণ মানুষ পায়নি।
এ বিষয়ে পরিবেশবিদরা মনে করেন, বনাঞ্চল সংকুচিত হওয়ায় হাতির স্বাভাবিক খাদ্যচক্র ভেঙে পড়েছে। তাই তারা বাধ্য হয়ে লোকালয়ে প্রবেশ করছে। স্থায়ী সমাধানের জন্য বন পুনরুদ্ধার ও হাতির করিডোর সংরক্ষণ জরুরি বলে মনে করছেন তারা।
ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমীন বলেন, “হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে আমরা কাজ করছি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা দেওয়া হচ্ছে। তবে এটি একটি দীর্ঘমেয়াদি সমস্যা, যার স্থায়ী সমাধানে আমরা কাজ করে যাচ্ছি।”
শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল বলেন, “এই সমস্যার স্থায়ী সমাধানে একটি মাস্টারপ্ল্যান প্রয়োজন। হাতির করিডোর পুনরুদ্ধার ও পাহাড়ে পর্যাপ্ত খাদ্যবৃক্ষ রোপণ ছাড়া এই সংকট সমাধান সম্ভব নয়।”
বর্তমান পরিস্থিতিতে সীমান্তবর্তী এলাকার মানুষ দ্রুত ও কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন, যাতে ফসল ও প্রাণহানি দুটোই রক্ষা করা যায়।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন