এ সম্পর্কিত আরও খবর
মোংলায় অবৈধ পলিথিনের বিরুদ্ধে অভিযান, জরিমানা ও জব্দ
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০৯:১৮ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
মোংলা (বাগেরহাট) প্রতিবেদক: পরিবেশের জন্য ক্ষতিকর অবৈধ পলিথিনের ব্যবহার, বিক্রি ও মজুদের বিরুদ্ধে মোংলা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। রোববার (১৯ এপ্রিল) মোংলা পৌর এলাকার বিভিন্ন স্থানে এ অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নওশিন আরিফ।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান ও এক ব্যবসায়ীর বাসায় তল্লাশি চালানো হয়। এ সময় রাকিবুল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী বাবুল মোল্ল্যার বাসা ও প্রতিষ্ঠান থেকে ১,৫০০ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়। এ অপরাধে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া একই অভিযোগে মেসার্স সাব্বির এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সাব্বির সরদারকে ২,০০০ টাকা এবং মো. সেলিমকে ১,০০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানে মোট প্রায় ১,৫৫০ কেজি পলিথিন জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ৪২ হাজার টাকা। জব্দকৃত এসব পলিথিন বিধি অনুযায়ী ধ্বংস করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নওশিন আরিফ বলেন, নিষিদ্ধ পলিথিন পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এটি মাটির উর্বরতা নষ্ট করে, পানি নিষ্কাশন ব্যবস্থায় বাধা সৃষ্টি করে এবং জলাবদ্ধতার কারণ হয়। পাশাপাশি নদী-খাল ও জলাশয়ে জমে জীববৈচিত্র্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।
তিনি আরও জানান, অবৈধ পলিথিন উৎপাদন, বিক্রি ও মজুদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন