এ সম্পর্কিত আরও খবর
সংসারে সচ্ছ্বলতা ফেরানোর স্বপ্ন অপূর্ণই থেকে গেল
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কটিয়াদীর যুবক নিহত
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ১১:৩২ এএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিবেদক: সৌদি আরবের রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনায় মো. আলমগীর (২৮) নামে এক বাংলাদেশি প্রবাসী যুবক নিহত হয়েছেন। গত শনিবার (১৮ এপ্রিল) সৌদি সময় ভোর ৬টার দিকে ডিউটিরত অবস্থায় রাস্তা পরিষ্কার করার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলমগীর কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নের উত্তর ভাট্টা গ্রামের বাসিন্দা রমজান মিয়ার বড় ছেলে। পাঁচ ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার বড়।
পারিবারিক সূত্রে জানা গেছে, আলমগীর সৌদি আরবের আলিয়ান কোম্পানিতে কর্মরত ছিলেন। প্রায় দেড় বছর আগে পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে ঋণের বোঝা মাথায় নিয়ে তিনি প্রবাসে পাড়ি জমান। শনিবার ভোরে কর্মস্থলে দায়িত্ব পালনকালে একটি দ্রুতগামী গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কোম্পানির ফোরম্যানের মাধ্যমে নিহতের পরিবার এই মর্মান্তিক মৃত্যুর খবর পায়।
নিহতের ছোট ভাই মো. রুবেল মিয়া বলেন, “ফোরম্যান আমাদের ফোন করে বড় ভাইয়ের মৃত্যুর খবর জানিয়েছেন। এখন আমাদের একমাত্র চাওয়া, সরকার যেন দ্রুত সময়ের মধ্যে আমার বড় ভাইয়ের মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করে।”
নিহত আলমগীরের স্ত্রী স্বামীর মৃত্যুর খবরে দিশেহারা হয়ে পড়েছেন। তিনি স্থানীয় সংসদ সদস্য ও সরকারের কাছে তার স্বামীর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।
এদিকে সন্তান হারানোর শোকে ভেঙে পড়েছেন আলমগীরের মা। আহাজারি করতে করতে তিনি বলেন, “সরকারের কাছে আমার একটিই অনুরোধ—আমার ছেলের মরদেহ যেন দ্রুত দেশে এনে আমাকে দেখার ব্যবস্থা করা হয়।”
স্থানীয় এলাকাবাসী জানান, অনেক ঋণ করে স্বপ্ন নিয়ে পরিবারের বড় সন্তানকে প্রবাসে পাঠিয়েছিলেন তারা। কিন্তু তার আকস্মিক মৃত্যুতে পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে। জরাজীর্ণ টিনের ছোট ঘরে তাদের বসবাস। একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে এখন তারা অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন—কীভাবে ঋণ শোধ করবেন, কীভাবে চলবে সংসার, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন।
এদিকে আলমগীরের মৃত্যুর খবরে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন