এ সম্পর্কিত আরও খবর
শুরু হলো এসএসসি ও সমমান পরীক্ষা
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ১১:০০ এএম
-
ছবি: সংগৃহীত
দেশজুড়ে শুরু হয়েছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। মঙ্গলবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এ পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অংশ নিচ্ছে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য বলছে, এবার ৩০ হাজার ৬৬৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। গত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা কমেছে প্রায় ৭১ হাজার ৬২৬ জন। বোর্ডভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি পরীক্ষার্থী ঢাকা বোর্ডে, আর সবচেয়ে কম সিলেট বোর্ডে।
সাধারণ শিক্ষা বোর্ডে বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মানবিক বিভাগে সবচেয়ে বেশি ৬ লাখ ২৭ হাজার ৪৫১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। বিজ্ঞান বিভাগে রয়েছে ৫ লাখ ৬৯ হাজার ৭৬৩ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ২ লাখ ২১ হাজার ১৮৪ জন। বেশিরভাগ বিভাগেই ছাত্রীর সংখ্যা ছাত্রদের তুলনায় বেশি।
এদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন শিক্ষার্থী। আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী রয়েছে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।
পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত রাখতে শিক্ষা প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। সব কেন্দ্র সিসিটিভির আওতায় আনা হয়েছে এবং প্রশ্নফাঁস ঠেকাতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। কেন্দ্রের আশপাশে ২০০ গজ এলাকায় ১৪৪ ধারা জারি করে বহিরাগতদের প্রবেশ সীমিত করা হয়েছে। এছাড়া পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোনসহ সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ করা হয়েছে।
পরীক্ষা ঘিরে শিক্ষামন্ত্রীর সম্ভাব্য আকস্মিক পরিদর্শন নিয়েও আলোচনা চলছে। একইসঙ্গে পরীক্ষার্থীদের জন্য সহায়ক ও চাপমুক্ত পরিবেশ নিশ্চিত করার ওপর জোর দিচ্ছে সরকার।
সূচি অনুযায়ী, বাংলা প্রথম পত্রের মাধ্যমে এবারের পরীক্ষা শুরু হয়েছে। লিখিত পরীক্ষা চলবে আগামী ২০ মে পর্যন্ত, প্রতিদিন সকাল ১০টা থেকে। এরপর ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন