এ সম্পর্কিত আরও খবর
নরসিংদীতে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
সরকার ব্যবসা করবে না, ব্যবসায়ীদের সহযোগিতা করবে
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ০৮:২৭ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
নরসিংদী প্রতিবেদক: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেছেন, 'সরকার নিজে ব্যবসা পরিচালনা করবে না, বরং ব্যবসায়ীদের জন্য সহায়ক পরিবেশ তৈরি করবে। তিনি বলেন, ব্যবসায়ীদের বিভিন্ন প্রতিবন্ধকতা দূর করে একটি ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য।'
মঙ্গলবার (২১ এপ্রিল) নরসিংদীর ঘোড়াশালে অবস্থিত প্রাণ-আরএফএল গ্রুপের কারখানা (এএমসিএল) পরিদর্শন শেষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার ইতোমধ্যে কর্মসংস্থান বৃদ্ধি, বেকারত্ব হ্রাস এবং অর্থনীতিকে গতিশীল করার লক্ষ্যে কাজ করছে। সরকার সবসময় ব্যবসায়ীদের পাশে থাকবে বলেও তিনি আশ্বস্ত করেন।
এর আগে নরসিংদীর পলাশ উপজেলার বন্ধ কো-অপারেটিভ জুট মিল পরিদর্শনকালে প্রতিমন্ত্রী জানান, নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশের বন্ধ জুট মিলগুলো পুনরায় চালু করতে সরকার উদ্যোগ নিয়েছে। সরকারি ও বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে এসব মিল চালুর চেষ্টা চলছে।
তিনি বলেন, “ব্যবসায়ীদের প্রতিবন্ধকতা দূর করে একটি ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করা হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা ইতোমধ্যে কাজ শুরু করেছি। প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য হলো বেকারত্ব দূর করা, কর্মসংস্থান সৃষ্টি করা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করা। ব্যবসায়ীদের পাশে সরকার আছে, থাকবে।”
প্রতিমন্ত্রী আরও বলেন, নরসিংদীর দুটি জুট মিলসহ সারাদেশের বন্ধ কারখানাগুলো ধাপে ধাপে চালু করা হবে। এ লক্ষ্যে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়। কর্মসংস্থানের ক্ষেত্রে স্থানীয়দের অগ্রাধিকার দেওয়া হবে বলেও তিনি জানান।
তিনি বলেন, পূর্ববর্তী সরকারের সময়ে কিছু জুট মিল বন্ধ হয়ে যাওয়ায় অনেক মানুষ কর্মহীন হয়ে পড়ে। লিজ দেওয়ার নামে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে উল্লেখ করে তিনি জানান, এ খাতে লুটপাট ও দুর্নীতির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কোনো অসঙ্গতি পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় অতিরিক্ত সচিব সুব্রত শিকদার, যুগ্মসচিব হাফসা বেগম, বিজেএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল কবির উদ্দিন সিকদার, উপসচিব সাইফুল ইসলাম আজাদ, উপসচিব শাহদত হোসেন কবির, মুখ্য পরিচালন কর্মকর্তা মামুনুর রশিদ, পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমদসহ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পাশাপাশি তিনি পলাশ উপজেলার ঘোড়াশালে অবস্থিত বাংলাদেশ জুট মিলও পরিদর্শন করেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন