এ সম্পর্কিত আরও খবর
শেরপুরে সড়ক ও সেতু না থাকায় জনদুর্ভোগ
- শেরপুর জেলা প্রতিনিধি:
- প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ০৩:০৩ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের উন্নয়নবঞ্চিত চরাঞ্চলের মানুষের জীবনযাত্রা স্বাভাবিক করতে দ্রুত সময়ের মধ্যে বন্যা উপযোগী টেকসই সড়ক ও ব্রিজ নির্মাণের দাবিতে আন্দোলনে নেমেছেন এলাকাবাসী।
জানা যায়, শেরপুর জেলা শহর থেকে মাত্র ১১ কিলোমিটার দূরত্বের ৬ নম্বর চর, গোয়ালপাড়া, পয়স্তীরচরসহ চারটি গ্রামে স্বাধীনতার ৫৫ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি। অবহেলিত এ চরাঞ্চলে প্রায় অর্ধলক্ষ মানুষের বসবাস থাকলেও যাতায়াতের একমাত্র সড়কটি বছরের প্রায় ছয় মাস পানির নিচে থাকে।
জেলা সদরের দুর্গম এই চরাঞ্চলের মাঝখান দিয়ে বয়ে গেছে দশানী ও ব্রহ্মপুত্র নদী, যা গ্রামগুলোকে বিভক্ত করে রেখেছে। কামারেরচর বাজার থেকে মাত্র সাড়ে তিন কিলোমিটার দূরে হলেও এসব গ্রামে পৌঁছানো যেন এক দুঃসাধ্য যাত্রা। প্রয়োজন অন্তত তিনটি ব্রিজের, কিন্তু এখনো একটি ব্রিজও নির্মিত হয়নি। এতে বড় ভোগান্তিতে পড়েছেন দশানী নদীর দুই পাড়ের মানুষ।
বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বেড়ে যায়। চার থেকে দশ ফুট পানিতে তলিয়ে যায় পুরো সড়ক, তখন চলাচলের একমাত্র ভরসা থাকে নৌকা। আর শুষ্ক মৌসুমে ভ্যান কিংবা ঘোড়ার গাড়িতে চলাচল করতে হয়, যা সময়সাপেক্ষ ও ঝুঁকিপূর্ণ।
স্বাধীনতার পর থেকে নানা আশ্বাস মিললেও এখনো টেকসই সড়ক ও ব্রিজ নির্মিত হয়নি। প্রতি বছর বন্যায় বাঁধ না থাকায় শত শত ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যায়। এদিকে, চরাঞ্চলটি সবজির ভাণ্ডার হিসেবে পরিচিত হলেও যোগাযোগ ব্যবস্থার দুরবস্থার কারণে কৃষকরা ফসল বাজারে নিতে না পারায় ব্যাপক লোকসানের মুখে পড়ছেন।
অন্যদিকে, নদীর ওপারের শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার করে বিদ্যালয়ে যাতায়াত করছে। তাই সড়ক ও ব্রিজ নির্মাণের দাবিতে আন্দোলনে নেমেছেন স্থানীয় বাসিন্দারা।
এ দাবিতে গত রোববার হাজারো মানুষের অংশগ্রহণে দশানী নদীর পাড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন এলাকার বাসিন্দারা। সাবেক ইউপি চেয়ারম্যান মো. নওয়াব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে চর এলাকার নেতৃস্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ বক্তব্য রাখেন এবং তাদের দুর্ভোগের কথা তুলে ধরেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
এ বিষয়ে এলজিইডি শেরপুরের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান জানান, চরাঞ্চলের মানুষদের দাবির প্রেক্ষিতে মাঠ পর্যায়ের জরিপ কাজ শেষ হয়েছে। এখন নকশা প্রণয়নের কাজ চলছে। দ্রুত সময়ের মধ্যে ব্রিজের নির্মাণ কাজ শুরু করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন