এ সম্পর্কিত আরও খবর
লালমনিরহাটে ইউএনও’র বিরুদ্ধে যুবককে থাপ্পড় মারার অভিযোগ: ভিডিও ভাইরাল
- লালমনিরহাট প্রতিনিধি:
- প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় এক মোটরসাইকেল আরোহীকে জনসম্মুখে চড়-থাপ্পড় মারার অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আক্তার জাহানের বিরুদ্ধে। গত বুধবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার চাপারহাট এলাকার একটি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, ‘নদী’ নামের এক যুবক জনৈক অসুস্থ ব্যক্তির ফুয়েল কার্ড নিয়ে পেট্রোল সংগ্রহের জন্য পাম্পে লাইনে দাঁড়িয়ে ছিলেন। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, সেখানে উপস্থিত ইউএনও শামীমা আক্তার কোনো কথা না শুনেই হঠাৎ ওই যুবকের শার্টের কলার ধরেন এবং তাকে সবার সামনে একাধিকবার চড় মারেন। একপর্যায়ে তিনি যুবকের মোটরসাইকেলের চাবি কেড়ে নেন। এ ঘটনায় উপস্থিত সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে জনতার তোপের মুখে প্রায় এক ঘণ্টা পর তিনি চাবিটি ফেরত দিতে বাধ্য হন।
একই দিনে উপজেলার তুষভাণ্ডার বাজারের অপর একটি পেট্রোল পাম্পেও ওই কর্মকর্তার বিরুদ্ধে একই ধরনের আচরণের অভিযোগ উঠেছে। জানা গেছে, সেখানে তিনি লাঠি হাতে লাইনে থাকা বাইকারদের শাসন করেন। একপর্যায়ে একটি মোটরসাইকেল ফেলে দেওয়ার ঘটনা ঘটলে সেখানেও স্থানীয়রা প্রতিবাদ জানান।
ইউএনও’র প্রকাশ্য দিবালোকে মারধরের এই অভিযোগ সম্পর্কে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আক্তার জাহান বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশাসনিক কর্মকর্তার এমন আচরণ নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। স্থানীয় সচেতন মহল বিষয়টি সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন