এ সম্পর্কিত আরও খবর
উসকানিমূলক মন্তব্যের জেরে কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ০১:২৩ পিএম
-
ছবি: সংগৃহীত
ঢাকার নবাবগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় ইস্যুতে উসকানিমূলক বক্তব্যের জেরে মো. আমিনুর শাহ (৩৮) নামে এক কনটেন্ট ক্রিয়েটরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার উপজেলার শোল্লা ইউনিয়নের মহিষদিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। দোহার সার্কেলের এএসপি মো. শামীম হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার আমিনুর শাহ মহিষদিয়া গ্রামের মো. চান মিয়া বয়াতীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার আমিনুর শাহ তাঁর ফেসবুক অ্যাকাউন্টে ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য করে একটি স্ট্যাটাস দেন। প্রতিবাদের মুখে তিনি পরে সেটি সরিয়ে নেন। মঙ্গলবার সন্ধ্যা থেকে তাঁর ব্যক্তিগত অ্যাকাউন্টটিও বন্ধ পাওয়া যায়।
স্থানীয়রা জানান, আমিনুর শাহ দীর্ঘদিন ধরে ইসলাম ও সুফি মতবাদের নানা বিষয়ে কনটেন্ট তৈরি করতেন। অনুসারীদের কাছে তিনি ‘দরদী’ নামে পরিচিত। সোমবার রাতে আমিনুর শাহের বিতর্কিত স্ট্যাটাসের জেরে তাঁর বাড়ি ঘেরাও করেন উত্তেজিত জনতা। ওই সময় তিনি সবার কাছে ক্ষমা চান এবং স্থানীয় এক মাওলানার কাছে তওবা করেন। ওই ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।
উত্তেজনা প্রশমনে মঙ্গলবার দুপুরে পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে যায়। বিকেলে শোল্লা ইউনিয়নের গ্রামপুলিশ মো. আলাউদ্দিন বাদী হয়ে তাঁর বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও দাঙ্গা সৃষ্টির চেষ্টার অভিযোগে নবাবগঞ্জ থানায় মামলা করেন।
এএসপি শামীম হোসেন জানান, আমিনুর শাহকে বর্তমানে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আজ বুধবার তাঁকে আদালতে সোপর্দ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন