এ সম্পর্কিত আরও খবর
নাফ নদী থেকে ৭ জেলে কে ধরে নিয়ে গেল আরাকান আর্মি
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৩০ পিএম
-
ছবি: সংগৃহীত
কক্সবাজারের টেকনাফে নাফ নদীর মোহনা থেকে দুইটি ডিঙি নৌকাসহ সাতজন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর আনুমানিক ২টার দিকে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, টেকনাফের সাবরাং নয়াপাড়া ও শাহপরীর দ্বীপ ডেইল পাড়া এলাকার জেলেরা সকালে মাছ ধরতে নাফ নদীতে যান। পরে মাছ শিকার শেষে ফেরার পথে তাদের আটক করা হয়।
আটক জেলেরা হলেন সাবরাং নয়াপাড়ার আব্দুর রহমান, আবদুল মতলব, গুরা মিয়া, মো. হাসান এবং শাহপরীর দ্বীপ ডেইল পাড়ার আহমদ আলী, নুরুল আবসার ও আবদুর রহিম।
সাবরাং ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড সদস্য আবুল ফয়েজ বলেন, সকালে তারা মাছ ধরতে গিয়েছিলেন। দুপুরে ফেরার সময় আরাকান আর্মি তাদের ধরে নিয়ে যায়।
আটক জেলে আহমদ আলীর স্ত্রী মুন্নি আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার স্বামীকে নিয়ে গেছে। আমরা খুবই গরিব, এখন না ফিরলে আমাদের সংসার চলবে না।”
নৌকার মালিক আব্দুর শুক্কুর জানান, তার নৌকায় থাকা জেলেরা মাছ ধরে ফেরার সময় আটক হন। দ্রুত তাদের মুক্তির দাবি জানান তিনি।
এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, ঘটনাটি তারা শুনেছে এবং বিস্তারিত যাচাই করা হচ্ছে। পরে কূটনৈতিক ও নিরাপত্তা চ্যানেলে তাদের ফেরত আনার উদ্যোগ নেওয়া হবে।
বাংলাদেশ কোস্ট গার্ড-এর সঙ্গেও সমন্বয় করে জেলেদের উদ্ধারে কাজ চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমামুল হাফিজ বলেন, জেলেদের আটকের খবর পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং তাদের দ্রুত ফেরাতে উদ্যোগ নেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন