এ সম্পর্কিত আরও খবর
ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষের জেরে ১৪৪ ধারা জারি
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০৪ মে ২০২৬, ০৬:১১ পিএম
-
ছবি: সংগৃহীত
রাঙ্গামাটিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ ও উত্তেজনার জেরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সোমবার দুপুরে নতুন জেলা কমিটির পদবঞ্চিত নেতাকর্মীরা দ্বিতীয় দিনের মতো বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান নেন। এ সময় তারা কার্যালয়ের সামনের প্রধান সড়ক দখল করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন।
একই সময়ে নতুন কমিটির সভাপতি অলি আহাদ ও সাধারণ সম্পাদক রনির নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের করা হয়। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পদবঞ্চিতরা দুপুর ১২টা থেকে জেলা কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিকেল ৩টা পর্যন্ত নিয়ন্ত্রণে রাখে।
অন্যদিকে পৌরসভা চত্বরসহ শহরের বিভিন্ন স্থানে নতুন কমিটিকে স্বাগত জানিয়ে একাংশের নেতাকর্মীরা সমবেত হন। বিকেল ৩টার দিকে নতুন কমিটির সমর্থকরা সংঘবদ্ধ হয়ে এসে বিক্ষোভকারীদের ধাওয়া দিয়ে বিএনপি কার্যালয় দখলে নেয়।
এ ঘটনার পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করে। জেলা বিএনপি কার্যালয়সহ ঝুঁকিপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীও ঘটনাস্থলে এসে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।
অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন বলেন, ছাত্রদলের নতুন কমিটিকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বিরোধ চলছে। বর্তমানে পরিস্থিতি আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।
জেলা ছাত্রদলের সভাপতি কলি আহাত বলেন, ছাত্রদলের নতুন কমিটিতে কিছু পদবঞ্চিত নেতা বিক্ষোভ করছেন। এটা স্বাভাবিক বিষয়। নতুন কমিটি সকলের সাথে আলোচনা করে ছাত্রদলের কাজকে আর শক্তিশালী করবে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন