এ সম্পর্কিত আরও খবর
ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছিরকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০৪ মে ২০২৬, ০৭:১৬ পিএম
-
ছবি: সংগৃহীত
নোয়াখালীতে নবঘোষিত জেলা ছাত্রদল কমিটিকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের বিরুদ্ধে ‘পকেট কমিটি’ গঠনের অভিযোগ তুলে তাকে জেলায় অবাঞ্ছিত ঘোষণা করেছেন স্থানীয় ছাত্রদল নেতারা। এ ঘটনাকে কেন্দ্র করে পদবঞ্চিত নেতাকর্মীদের বিক্ষোভ, ককটেল বিস্ফোরণ, সড়ক অবরোধ ও অগ্নিসংযোগে জেলা শহর মাইজদী উত্তপ্ত হয়ে ওঠে।
সোমবার (৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে নোয়াখালী জেলা জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি মসজিদ মার্কেট এলাকায় পৌঁছালে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বিক্ষোভকারীরা মাইজদী টাউন হল মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন এবং টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। এতে নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
অবরোধ চলাকালে ইটের আঘাতে এক পথচারী আহত হন, তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরে বেলা সাড়ে ১২টার দিকে অবরোধ তুলে নিয়ে বিক্ষুব্ধ নেতারা নোয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। সেখানে জেলা ছাত্রদলের নবঘোষিত কমিটির কয়েকজন নেতা পদত্যাগের ঘোষণা দেন এবং কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে ‘পকেট কমিটি’ গঠনের অভিযোগ তোলেন।
বক্তারা অভিযোগ করেন, ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বাদ দিয়ে একতরফাভাবে কমিটি গঠন করা হয়েছে, যা সংগঠনের ভেতরে বিভাজন সৃষ্টি করেছে। তারা অবিলম্বে কমিটি বাতিল করে সবার অংশগ্রহণে নতুন কমিটি গঠনের দাবি জানান, অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন