এ সম্পর্কিত আরও খবর
কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ০৯ মে ২০২৬, ০৯:১৮ এএম
-
ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. মোরছালিন (২২) নামে এক তরুণ নিহত হয়েছেন। শুক্রবার (৮ মে) দিবাগত রাত সোয়া ১২টার দিকে কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের পাথারিয়াদ্বার সীমান্তে এ ঘটনা ঘটে।
শনিবার (৯মে) সকালে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মোরছালিন ওই ইউনিয়নেন ধজনগর বাতানবাড়ি গ্রামের হেবজু মিয়ার ছেলে। তিনি স্থানীয় শাহআলম ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। এ ঘটনার বিএসএফের গুলিতে আরও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।
নিহতের স্বজনরা জানান, রাতে স্থানীয় কয়েকজন এসে মোরছালিনকে বাড়ি থেকে ডেকে সীমান্তে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর সীমান্তের ভারত অংশে টহলরত বিএসএফ সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি করলে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মারা যায় মোরছালিন। পরে তার মরদেহ ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বিএসএফ সদস্যরা।
এ বিষয়ে চন্ডিদ্বার বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মো. মুইনুদ্দিন সাংবাদিকদেরকে জানান, একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক আছে।
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলাম জানান, নিহতের মরদেহ বিএসএফের কাছে আছে। বিএফএসের সঙ্গে যোগাযোগ করে তার মরদেহ দেশে ফেরত আনার চেষ্টা করছে বিজিবি।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন