এ সম্পর্কিত আরও খবর
দিনাজপুরে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ১১ মে ২০২৬, ০১:১১ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
চলমান এসএসসি ও সমমানের পরীক্ষায় দিনাজপুর শহরের ইকবাল উচ্চবিদ্যালয় কেন্দ্রে নির্ধারিত সেটের পরিবর্তে ভুল সেটে পরীক্ষা নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসারকে তাৎক্ষণিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
দিনাজপুর শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, রোববার (১০ মে) পদার্থবিজ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের পরীক্ষায় বোর্ডের নির্দেশনা অনুযায়ী ১ নম্বর সেটে পরীক্ষা নেওয়ার কথা ছিল। বোর্ডের অধীনস্থ সব কেন্দ্রে ১ নম্বর সেটে পরীক্ষা নেওয়া হলেও ইকবাল উচ্চবিদ্যালয় কেন্দ্রে সৃজনশীল অংশে ৩ নম্বর সেটে পরীক্ষা নেওয়া হয়। তবে এমসিকিউ অংশে সঠিকভাবে ১ নম্বর সেটেই পরীক্ষা নেওয়া হয়েছে। পুরো তিন ঘণ্টা পরীক্ষা চলার পরও বিষয়টি কারও নজরে আসেনি।
পরীক্ষা শেষে খাতা মেলানোর সময় বিষয়টি ধরা পড়লে কেন্দ্র সচিব ও ইকবাল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিমা সুলতানা তাৎক্ষণিকভাবে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও অতিরিক্ত জেলা প্রশাসককে (শিক্ষা ও আইসিটি) বিষয়টি জানান।
দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. বোরহান উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে ঘটনাটিকে প্রশাসনিক গাফিলতি হিসেবে বিবেচনা করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে কেন্দ্র সচিব সেলিমা সুলতানা এবং ট্যাগ অফিসার সদর উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আনারুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন