এ সম্পর্কিত আরও খবর
সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
- শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:
- প্রকাশ : ১১ মে ২০২৬, ০৪:৫৪ পিএম
-
ছবি: সংগৃহীত
সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণে বাবলু গাজী (৪৮) নামে এক মৌয়াল গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১১মে) সকাল ৭টার দিকে সহকর্মী মৌয়ালরা তাকে সুন্দরবন থেকে উদ্ধার করে লোকালয়ে নিয়ে আসেন। এর আগে রোববার সকাল ৮টার দিকে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কাছিকাটা এলাকার পায়রাটুনি খালে মধু আহরণের সময় তার ওপর বাঘের আক্রমণ হয়।
আহত বাবলু গাজী শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মালেক গাজীর ছেলে। রোববার সকালে ইউসুফ গাজীর নেতৃত্বে একদল মৌয়াল ওই এলাকায় মধু সংগ্রহ করছিলেন। এ সময় ঝোপের আড়াল থেকে একটি রয়েল বেঙ্গল টাইগার হঠাৎ বাবলু গাজীর ওপর হামলা চালায়।
সঙ্গে থাকা অন্য মৌয়ালরা চিৎকার ও লাঠিসোটা নিয়ে এগিয়ে এলে বাঘটি সরে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে লোকালয়ের উদ্দেশ্যে আনা হয়। সোমবার সকালে শ্যামনগরের নীলডুমুর ঘাটে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরায় পাঠানো হয়।
আহত বাবলু গাজীর বাবা মালেক গাজী বলেন, “আমরা একসঙ্গে মধু সংগ্রহ করছিলাম। হঠাৎ বাঘ এসে আমার ছেলেকে আক্রমণ করে। আল্লাহর রহমতে সে বেঁচে আছে।”
এ বিষয়ে বন বিভাগের বুড়িগোয়ালিনী স্টেশনের সহকারী স্টেশন কর্মকর্তা ইরফান হোসেন জানান, ঘটনাটি তারা অবগত হয়েছেন এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন