এ সম্পর্কিত আরও খবর
টাঙ্গাইলে এক শিশুকে হামের টিকার পরিবর্তে জলাতঙ্কের ভ্যাকসিন প্রয়োগ
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১৫ মে ২০২৬, ০২:৪৮ পিএম
-
ছবি: সংগৃহীত
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক শিশুকে হামের টিকার বদলে ভুলবশত জলাতঙ্কের ভ্যাকসিন প্রয়োগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন হাইকোর্ট। ঘটনাটি তদন্তে তিন সদস্যের কমিটি গঠনের নির্দেশ দিয়ে আগামী ৩০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
একই সঙ্গে শিশুটির প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারকে কেন ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) বিচারপতি আহমেদ সোহেলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে বুধবার (১৩ মে) দুপুরে এ ঘটনা ঘটে।
রিট আবেদনে উল্লেখ করা হয়, টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৪ মাস বয়সী এক শিশুকে হামের টিকার পরিবর্তে ভুল করে দুই ডোজ র্যাবিক্স জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়া হয়। পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে বিষয়টি সামনে আসে।
শিশুটির পরিবারের দাবি, স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ আব্দুল কাইয়ুম শিশুটিকে টিকা দেন। যদিও দায়িত্বে ছিলেন স্বাস্থ্য পরিদর্শক নুরুল ইসলাম নুরু।
পরিবারের আরও অভিযোগ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান আজাদের নির্দেশে পিআরএলে থাকা কাইয়ুমকে এনে টিকা প্রয়োগ করানো হয়।
ভুল টিকা দেওয়ার প্রতিবাদ করলে হাসপাতালের কিছু স্বাস্থ্যকর্মী তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলেও অভিযোগ করেছেন শিশুটির স্বজনরা। এ ঘটনায় হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক অভিভাবক শিশুদের টিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
রিটকারীদের আইনজীবী হুমায়ুন কবির পল্লব জানান, আদালত শিশুটির চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি ক্ষতিপূরণের বিষয়েও রুল জারি করেছেন।
সম্প্রতি দেশে হামের সংক্রমণ বাড়তে থাকায় বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে শিশুদের টিকা দিতে অভিভাবকদের ভিড় বেড়েছে। এর মধ্যেই এমন ঘটনায় স্বাস্থ্যসেবার মান ও তদারকি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
এদিকে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, পুরো বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: ফরিদ উদ্দিন আহমেদ
ঠিকানা: ১৩/পি, বীর উত্তম সি.আর.দত্ত রোড, নাসির পয়েন্ট, ২য় তলা, বাংলামটর, ঢাকা-১০০০
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন