এ সম্পর্কিত আরও খবর
ফতুল্লায় আগুনে নিভে গেল পুরো পরিবার, বাউফলে পাশাপাশি পাঁচ কবর
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ১৬ মে ২০২৬, ০২:৫০ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ হয়ে মারা যাওয়া একই পরিবারের পাঁচ সদস্যকে পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। হৃদয়বিদারক এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
শনিবার সকাল ১০টায় উত্তর কনকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিহতদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় শত শত মানুষ অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ডা. শফিকুল ইসলাম মাসুদ। পরে পরিবারের কর্তা মীর কালামের কবরের পাশেই তার স্ত্রী ও তিন সন্তানকে দাফন করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার নারায়ণগঞ্জের ফতুল্লার গিরিধারা এলাকায় একটি ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের পাঁচজন গুরুতর দগ্ধ হন। পরে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় প্রথমে মঙ্গলবার মারা যান পরিবারের কর্তা মীর কালাম (৩৫)। পরে একে একে মারা যায় তার তিন সন্তান— মুন্না, কথা ও মুন্নি। সবশেষ শুক্রবার সকালে মারা যান স্ত্রী সায়মা (৩২)।
শনিবার সকালে মরদেহগুলো গ্রামের বাড়িতে পৌঁছালে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। শেষবারের মতো একসঙ্গে পরিবারের পাঁচ সদস্যকে বিদায় জানাতে ভিড় করেন স্থানীয়রা।
নিহত মীর কালামের চাচাতো ভাই রফিক মিয়া বলেন,
“একই পরিবারের পাঁচজনকে হারিয়ে আমরা সবাই বাকরুদ্ধ। গ্রামের মানুষ মিলে দাফনের সব ব্যবস্থা করেছে।”
পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ডা. শফিকুল ইসলাম মাসুদ বলেন,
“ঘটনার খবর পাওয়ার পরপরই ঢাকায় তাদের চিকিৎসার ব্যবস্থা করেছি। মরদেহ পটুয়াখালীতে নিয়ে আসার জন্যও প্রয়োজনীয় সব সহায়তা করা হয়েছে। একই পরিবারের পাঁচজনের মৃত্যু অত্যন্ত মর্মান্তিক ও কষ্টদায়ক।”
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন