এ সম্পর্কিত আরও খবর
রায়পুরে ঝুঁকিপূর্ণ স্থানে পশুরহাট
- লক্ষ্মীপুর প্রতিনিধি
- প্রকাশ : ২১ মে ২০২৬, ০২:৩৪ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
লক্ষ্মীপুরের রায়পুর মহিলা কলেজ-নতুন বাজার সড়কের পাশে চলছে ড্রেন নির্মাণের কাজ। নির্মাণাধীন ড্রেনের একপাশে বের হয়ে আছে প্রায় ৩০টি রড। এছাড়া ড্রেনের গর্তসহ খানাখন্দে সড়কটি প্রায় ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ঈদুল আজহা উপলক্ষ্যে ঝুঁকিপূর্ণ এ স্থানে দেওয়া হয়েছে অস্থায়ী পশুর হাট।
কোরবানির গরু বাজার মানেই হচ্ছে মানুষের ভীড়, গরু-ছাগলের হুড়োহুড়ি। এমন পরিস্থিতিতে নির্মাণাধীন ড্রেনের রডগুলো ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে।
এদিকে গতবছরের চেয়ে এবার প্রায় ৭ লাখ টাকা কম মূল্যে ইজারা ও ঝুঁকিপূর্ণ স্থানে পশুরহাট বসানোর সিদ্ধান্ত নিয়ে স্থানীয়দের মাঝে চলছে নানান আলোচনা-সমালোচনা।
রায়পুর পৌরসভা সূত্র জানায়, নতুন বাজার-মহিলা কলেজ সড়কে অস্থায়ী পশুরহাটটি ৫ লাখ ১০ হাজার টাকায় ইজারা দেওয়া হয়েছে। গত বছর এ বাজার ১২ লাখ টাকায় ইজারা হয়।
নতুনবাজার-মহিলা কলেজ সড়কের দেখা যায়, সড়কের দুই পাশে খোঁড়াখুঁড়ি, খোলা ড্রেন, বড় বড় গর্ত ও নির্মাণসামগ্রী পড়ে রয়েছে। কোথাও রড বের হয়ে আছে, কোথাও কাদামাটি স্তুপ হয়ে রয়েছে। এর মধ্যেই পশুরহাট বসানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। লাগানো হয়েছে সারিবদ্ধ বাঁশের খুঁটি।
স্থানীয় বাসিন্দা আহমেদ রাজু ও ফারুক হোসেনসহ কয়েকজন জানায়, সড়কটি কিছুদিন আগেও চলাচলের অনুপোযোগী হয়ে পড়ে ছিল। এখনো এটি ঝুঁকিপূর্ণ সড়ক। এরমধ্যেই এখানে পশুরহাট দেওয়া হয়েছে। ড্রেনের গর্ত, নির্মাণাধীন ড্রেনের রড, খানাখন্দে ভরপুর সড়কে মানুষের ভীড় ও পশুর হুড়োহুড়িতে বাজারের দিন বড় ধরণের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করা হচ্ছে। বাজার ইজারা দিতে গিয়ে সংশ্লিষ্ট বিভাগ জননিরাপত্তা বিষয়টিকে আমলে নেয়নি। শুক্রবার ও সোমবার এখানে গরু বাজার বসবে।
ইজারাদার ভূঁইয়া কামাল রায়হান বলেন, স্থানটি এখন ঝুঁকিপূর্ণ। পৌরসভায় ইজারায় অংশ নিয়ে আমি বাজারটি পেয়েছি। এজন্য পশুরহাট বসানোর প্রস্তুতি নিচ্ছি।
রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রায়পুর পৌরসভার প্রশাসক মেহেদী হাসান কাউছার বলেন, এটি ঐতিহ্যবাহী কোরবানির পশুরহাট। পৌরবাসিন্দাদের দাবিতে এখানে হাট ইজারা দেওয়া হয়েছে। সব ঠিকঠাক করেই হাট বসবে, নিরাপত্তাও থাকবে। তবে ঝুঁকির বিষয়টি এড়িয়ে গেছেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন