এ সম্পর্কিত আরও খবর
পঞ্চগড়ে পুকুরে ডুবে প্রাণ গেল দুই ভাই-বোনের
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০১ জুন ২০২৬, ০২:২৩ পিএম
-
ছবি: সংগৃহীত
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের কেকুপাড়া এলাকায় পুকুরের পানিতে ডুবে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৩১ মে) সন্ধ্যায় ঘটে যাওয়া এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতরা হলেন কেকুপাড়া এলাকার আইজুল ইসলাম নেন্দর ছেলে আসিফ (১২) ও মেয়ে সাথী (১০)।
স্থানীয় সূত্রে জানা যায়, আসিফ ও সাথীর মা জীবিকার তাগিদে অন্যের জমিতে দৈনিক মজুরির কাজ করেন। রোববারও তিনি প্রতিদিনের মতো কাজে যান। সন্ধ্যায় বাড়ি ফিরে ছেলে-মেয়েকে দেখতে না পেয়ে উদ্বিগ্ন হয়ে তাদের খোঁজ শুরু করেন। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন বিভিন্ন স্থানে তল্লাশি চালান।
খোঁজাখুঁজির একপর্যায়ে রাত আনুমানিক ৮টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে আসিফের মরদেহ ভাসতে দেখা যায়। স্থানীয়রা পুকুরে নেমে আরও অনুসন্ধান চালালে প্রায় এক ঘণ্টা পর একই পুকুর থেকে সাথীর মরদেহ উদ্ধার করেন।
একসঙ্গে দুই সন্তানের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ। দুই ভাই-বোনের এমন করুণ মৃত্যুতে প্রতিবেশীদের মাঝেও গভীর শোকের সৃষ্টি হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চাকলাহাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাজির হোসেন বলেন, বাড়ির পাশের পুকুর থেকে দুই ভাই-বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন