এ সম্পর্কিত আরও খবর
বেলচা আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল তরুণের
- পঞ্চগড় প্রতিনিধি
- প্রকাশ : ০৫ জুন ২০২৬, ০১:১৫ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের বানিয়াপাড়া এলাকায় বজ্রপাতে শাহাদাত হোসেন (১৯) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে ঘটে যাওয়া এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত শাহাদাত ওই এলাকার কেরামত আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শাহাদাত হোসেন ট্রাক্টরের সহকারী হিসেবে কাজ করতেন। বৃহস্পতিবার বিকেলে তিনি ট্রাক্টরচালকের সঙ্গে ফসলি জমি থেকে ভুট্টা পরিবহনের কাজে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে জমির নরম মাটিতে ট্রাক্টরের চাকা পুতে যায়। ট্রাক্টরটি ওঠানোর জন্য প্রয়োজনীয় সরঞ্জাম আনতে শাহাদাত বাড়িতে যান।
বাড়ি থেকে একটি বেলচা নিয়ে তিনি ঘটনাস্থলের দিকে ফিরছিলেন। পথিমধ্যে হঠাৎ আকাশে মেঘ গর্জনের সঙ্গে শুরু হয় বজ্রপাত। এরই মধ্যে একটি বজ্রপাত সরাসরি তার ওপর আঘাত হানে। ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
অমরখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান নুরু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতে আহত হওয়ার পর স্থানীয়রা দ্রুত শাহাদাতকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।
হঠাৎ এই মৃত্যুর খবরে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ। স্থানীয়দের ভাষ্য, পরিশ্রমী ও ভদ্র স্বভাবের তরুণ শাহাদাতের এমন অকাল মৃত্যু মেনে নিতে পারছেন না কেউ।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন