এ সম্পর্কিত আরও খবর
ঝিনাইদহে তেলবাহী ট্রেন লাইনচ্যুত
- ঝিনাইদহ প্রতিনিধি:
- প্রকাশ : ০৭ জুন ২০২৬, ০৫:১৪ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাবদারপুর রেলস্টেশনের অদূরে তেলবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হওয়ার দীর্ঘ সাড়ে ৯ ঘণ্টা পর খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
রোববার (৭ জুন) বিকাল ৩টায় উদ্ধারকাজ শেষ হলে ৪৫ মিনিটের দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে খুলনা থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী তেলবাহী মালগাড়ী ট্রেন সাফদারপুর স্টেশনের কাছে পৌঁছালে সকাল ৬ টার দিকে পেছনের ৩টি বগি লাইনচ্যুত হয়। এতে বন্ধ হয়ে যায় খুলনার সাথে রাজশাহী, ঢাকাসহ উত্তরবঙ্গের রেল চলাচল। ফলে ওই রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। দুর্ঘটনায় উভয় পাশের স্টেশনগুলোতে চলাচলকারী কপোতাক্ষ, রকেট, সীমান্তসহ ৭টি ট্রেন আটকে যায়। ফলে এ রুটে চরাচলকারী ট্রেনের যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। এতে শত শত যাত্রী চরম ভোগাস্তিতে পড়ে। উপায় না পেয়ে ট্রেনের অনেক যাত্রী বিকল্প পথে চলে যান। খবর পেয়ে বেলা ১০টার দিকে ঈশ্বরদী ও খুলনা থেকে দুইটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌছে কাজ শুরু করে। দীর্ঘ সাড়ে ৫ ঘণ্টা চেষ্টার পর বিকাল ৩টা ৪৫ মিনিটের সময় রেল যোগাযোগ শুরু হয়।
সাবদারপুর রেল স্টেশনের মাষ্টার গোলাম রসুল নয়ন জানান, খুলনা থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেনটি সাবদারপুর ষ্টেশনে প্রবেশের সময় পয়েন্ট এলাকায় তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে রেললাইন ও স্লিপার দুমড়ে মুচড়ে যায়। ফলে রেল চলাচল বন্ধ হয়ে যায়। সংবাদ পেয়ে উদ্ধারকারী দুইটি ট্রেন ঘটনাস্থলে পৌঁছে লাইন ঠিক করে। এরপর ৩টা ৪৫ মিনিটের দিকে রেল চলাচল স্বাভাবিক হয়। তবে এ ঘটনায় কোনো ট্রেনের যাত্রা বাতিল করা হয়নি বলেও দাবি করেন তিনি।
প্রত্যক্ষদর্শী মাহবুবুর রহমান জানান, সকাল ৬টার দিকে বিকট শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে দেখেন ট্রেনের তিনটি বগি ও গার্ড ব্রেক লাইন থেকে ছিটকে পড়েছে। এ সময় রেললাইনের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হতে দেখা যায়। তিনি বলেন, গত ২২ মে একই স্থানে চিটাগুড়বাহী একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছিল। অল্প সময়ের ব্যবধানে একই জায়গায় বারবার দুর্ঘটনা ঘটায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
ঝিনাইদহের মোবারকগঞ্জ রেলস্টেশনের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী মো. সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনার পর পরই আমরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করি। ঈশ্বরদী ও খুলনা থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। এছাড়া ঈশ্বরদী থেকে ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থলে আসেন। তবে, কি কারণে দুর্ঘটনাটি ঘটেছে তা এখনি বলা যাচ্ছে না। ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি তদন্ত করে দেখছেন।
উল্লেখ্য, গত ২২ মে একই স্টেশনের একই স্থানে খুলনা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জগামী চিটাগুড়বোঝাই একটি মালবাহী ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছিল।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন