এ সম্পর্কিত আরও খবর
‘কালো মানিক’ গরু উপহার দিয়ে আলোচনায় আসা সোহাগ মৃধা গ্রেফতার
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১৪ জুন ২০২৬, ০৬:৪৬ পিএম
-
ছবি: সংগৃহীত
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘কালো মানিক’ নামের গরু উপহার দিয়ে আলোচনায় আসা পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সোহাগ মৃধাকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
তার বিরুদ্ধে হত্যাচেষ্টা ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের একাধিক মামলায় আইনগত ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে রোববার (১৪ জুন) তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেফতার সোহাগ মৃধা উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের উত্তর ঝাটিবুনিয়া এলাকার মৃত বেলায়েত হোসেন মৃধার ছেলে।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে সাম্প্রতিক একটি হত্যাচেষ্টার মামলাসহ পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের একটি মামলা রয়েছে। পাশাপাশি পিসিপিআর (PCPR) যাচাইয়ে তার বিরুদ্ধে মারামারি, নারী ও শিশু নির্যাতন, চাঁদাবাজি, মাদক ও চুরিসহ একাধিক মামলা বিচারাধীন থাকার তথ্য পাওয়া গেছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১০ জুন বিকেলে পারিবারিক বিরোধের জেরে উত্তর ঝাটিবুনিয়া এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, পূর্বপরিকল্পিতভাবে একদল লোক বাদীর শ্বশুরবাড়িতে প্রবেশ করে শাহরিয়ার আহম্মেদকে টেনে বাইরে এনে মারধর করে। এ সময় সোহাগ মৃধা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার চেষ্টা করলে তা চোখের ওপর গুরুতর জখম হয় বলে দাবি করা হয়।
অভিযোগে আরও বলা হয়, ঘটনাস্থলে থাকা নারী সদস্যরা এগিয়ে এলে তারা হামলার শিকার হন এবং এক ভরি ওজনের স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটে।
মির্জাগঞ্জ থানার ওসি মো. তৌহিদুজ্জামান বলেন, বিভিন্ন মামলায় আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্ত ও পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।
উল্লেখ্য, সোহাগ মৃধা সম্প্রতি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘কালো মানিক’ নামের একটি গরু উপহার দিয়ে স্থানীয়ভাবে আলোচনায় আসেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন