এ সম্পর্কিত আরও খবর
পুলিশের গাড়িবহরে হামলা: ডিসি-এসপির গাড়ি ভাঙচুর, ওসিসহ আহত ৩০
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১৬ জুন ২০২৬, ০৫:১৬ পিএম
-
ছবি: সংগৃহীত
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ভুট্টাক্ষেত থেকে বস্তাবন্দি অবস্থায় নন্দিনী রানী (৭) নামে এক প্রথম শ্রেণির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পুলিশের দাবি, তদন্তে শিশুটির চাচা (পারিবারিক সম্পর্কের) বিধান (১৯)-কে প্রধান সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয় এবং ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়। তবে তাকে থানায় নেওয়ার সময় স্থানীয়দের একটি অংশ পুলিশের গাড়ি আটকে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
ক্ষুব্ধ জনতা অভিযুক্তের বাড়িতে আগুন দেয় এবং পরে জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি লক্ষ্য করে হামলা চালায় ও ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হন।
মঙ্গলবার (১৬ জুন) সকালে ভেলাবাড়ী ইউনিয়নের ফলিমারী গ্রামের একটি ভুট্টাক্ষেত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় ব্র্যাক প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী নন্দিনী রানী সোমবার বিকেল থেকে নিখোঁজ ছিল বলে পরিবারের সদস্যরা জানান।
পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং ইউএনওসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অতিরিক্ত পুলিশ ও বিজিবি নিয়ে ঘটনাস্থলে যান। তারা স্থানীয়দের শান্ত করার চেষ্টা করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর আসামিকে নিয়ে ফিরছিলেন। এ সময় ফের ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়, এতে সরকারি একাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
লালমনিরহাটের জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান জানান, আইনগত ব্যবস্থা নিতে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরে আসামিকে আনার সময় বাধার মুখে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চললেও হঠাৎ হামলায় কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং কয়েকজন আহত হন।
পুলিশ সুপার আসাদুজ্জামান আসাদ বলেন, সরকারি কাজে বাধা ও হামলার ঘটনায় মামলা করা হবে। একই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আদিতমারী থানার ওসি নাজমুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন