এ সম্পর্কিত আরও খবর
মোংলা বন্দরে গোয়েন্দা সংস্থার অভিযানে নিষিদ্ধ টায়ার ও ল্যাপটপ জব্দ
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ২০ জুন ২০২৬, ০৩:২২ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর গোপন তথ্যের ভিত্তিতে মোংলা সমুদ্র বন্দরে একটি কন্টেইনার থেকে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ পুরাতন টায়ার এবং ঘোষণা বহির্ভূত ল্যাপটপ জব্দ করা হয়েছে।
গোপন সূত্র জানা যায়, চট্টগ্রামের ডবলমুরিং এলাকার M/S Saber Motors নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান সংযুক্ত আরব আমিরাতের Rukn Al Khaleej Auto Used Spare Parts নামের প্রতিষ্ঠানের কাছ থেকে ১৮ হাজার ১৪০ কেজি (১,২৭৫ প্যাকেজ) ‘Brand New Road Wheel’ ঘোষণা দিয়ে সিঙ্গাপুর পতাকাবাহী কন্টেইনারবাহী জাহাজ MV Kota Dunia-এর মাধ্যমে গত ১০ই মার্চ মোংলা বন্দরে ৪০ ফুটের একটি কন্টেইনার আমদানি করে।
পণ্য ঘোষণার বিষয়ে সন্দেহ দেখা দিলে এনএসআই বিষয়টি খুলনার শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর অবহিত করে। এর প্রেক্ষিতে গত মঙ্গলবার (১৬ জুন) শুল্ক গোয়েন্দা ইউনিট এনএসআই-এর মোংলা সমুদ্র বন্দর ইউনিটকে সঙ্গে নিয়ে বন্দরের আনস্টাফিং শেডে কন্টেইনারটি পরীক্ষা করে।
পরীক্ষাকালে দেখা যায়, ঘোষণাপত্রে উল্লিখিত ‘Brand New Road Wheel’-এর পরিবর্তে কন্টেইনারটিতে ১ হাজার ২৭৫ পিস আমদানি নিষিদ্ধ পুরাতন টায়ার পাওয়া যায়, যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২৭ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া সেখানে ঘোষণা বহির্ভূত ৬০টি HP Core i5 (10th Generation) ল্যাপটপ উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৪৯ লাখ টাকা।
পরিবেশ ও আমদানি নীতিমালা অনুযায়ী পুরাতন টায়ার আমদানি নিষিদ্ধ হওয়ায় জব্দকৃত টায়ারগুলো বিধি অনুযায়ী বিনষ্ট করা হবে। পাশাপাশি ঘোষণার সঙ্গে অসঙ্গতি ও ঘোষণা বহির্ভূত পণ্য আমদানির ঘটনায় সংশ্লিষ্ট আমদানিকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ ঘটনায় বন্দর এলাকায় চোরাচালান ও শুল্ক ফাঁকির অপচেষ্টা রোধে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: ফরিদ উদ্দিন আহমেদ
ঠিকানা: ১৩/পি, বীর উত্তম সি.আর.দত্ত রোড, নাসির পয়েন্ট, ২য় তলা, বাংলামটর, ঢাকা-১০০০
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন