এ সম্পর্কিত আরও খবর
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তা ব্যারেজে জামায়াতের মানববন্ধন
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২০ জুন ২০২৬, ০৪:৪০ পিএম
-
ছবি: সংগৃহীত
নীলফামারী প্রতিনিধি : তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে নীলফামারীতে এক বিশাল মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ ২০ জুন (শনিবার) সকাল ১১টায় ‘তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংগ্রাম কমিটি’র উদ্যোগে জলঢাকা উপজেলা থেকে শুরু করে ডালিয়া তিস্তা ব্যারেজ পর্যন্ত দীর্ঘ সড়কের বিভিন্ন ছোট-বড় বাজারে ব্যানার-ফেস্টুন নিয়ে সর্বস্তরের মানুষ এই কর্মসূচিতে অংশ নেন। পরে তিস্তা ব্যারেজ এলাকায় মূল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নীলফামারী-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুস সাত্তার-এর সভাপতিত্বে এবং জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে জেলার বিভিন্ন আসনের সংসদ সদস্য, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় জনসাধারণ সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার বলেন, "তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এখন এই অঞ্চলের মানুষের সময়ের দাবি। আমাদের এই মানববন্ধনের খবর পেয়ে তড়িঘড়ি করে সরকারের পানিসম্পদ মন্ত্রী ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আহসান হাবিব দুলু তিস্তা অঞ্চল পরিদর্শনে এসেছেন। কিন্তু মন্ত্রীদের পরিদর্শনের পরপরই তিস্তার পানি হুহু করে বাড়ছে, কারণ ভারত উজানের পানি ছেড়ে দিয়েছে। যদি অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা না হয়, তবে জামায়াতে ইসলামী জনগণকে সাথে নিয়ে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।"
বিশেষ অতিথির বক্তব্যে নীলফামারী-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ বলেন, "তিস্তা বাস্তবায়নের নামে দীর্ঘ সময় ধরে তিস্তাপাড়ের মানুষের সাথে তামাশা করা হচ্ছে। চরাঞ্চলের মানুষের দুঃখ-কষ্ট কোনো সরকারই আন্তরিকভাবে দেখেনি। আমরা দাবি করছি, অবিলম্বে এই তামাশা বন্ধ করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক।"
নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফি তাঁর বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে বলেন, "জনগণের স্বার্থের কথা চিন্তা না করে বিভিন্ন সময় ভারতের সাথে আঁতাত করে সরকার চালানো হয়েছে। তিস্তার ন্যায্য হিস্যা ও মহাপরিকল্পনা নিয়ে আর কোনো টালবাহানা চলবে না। দ্রুত পদক্ষেপ না নিলে তীব্র গণআন্দোলন গড়ে তোলা হবে।"
সমাবেশে আরও বক্তব্য রাখেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ মুনতাকিম। এছাড়া উপস্থিত ছিলেন নীলফামারী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আনোয়ারুল ইসলাম, জলঢাকা, ডোমার, ডিমলা ও নীলফামারী সদর উপজেলা শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ কৃষক-শ্রমিক জনতা।
বক্তারা অনতিবিলম্বে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করে উত্তরবঙ্গের এই বিশাল জনপদকে খরা ও বন্যার হাত থেকে রক্ষা করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
সম্পাদক ও প্রকাশক: ফরিদ উদ্দিন আহমেদ
ঠিকানা: ১৩/পি, বীর উত্তম সি.আর.দত্ত রোড, নাসির পয়েন্ট, ২য় তলা, বাংলামটর, ঢাকা-১০০০
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন