এ সম্পর্কিত আরও খবর
ঝিনাইদহে গ্রামীণ মজুর সমাবেশ: বাজেটে পর্যাপ্ত বরাদ্দ ও ইজারা বাতিলের দাবি
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২১ জুন ২০২৬, ০৩:৫০ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
ঝিনাইদহ প্রতিনিধি: ক্ষেতমজুরসহ গ্রামীণ মজুরদের সারা বছর কাজ, ন্যায্য মজুরি, সামাজিক নিরাপত্তা ও বাঁওড়-জলমহালের ইজারা বাতিলের দাবিতে ঝিনাইদহে গ্রামীণ মজুর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) বিকেলে হরিণাকুণ্ডু উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের চরপাড়া বাজারে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি ইউনিয়ন কমিটির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের ইউনিয়ন সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক কল্লোল বনিক। এছাড়া আরও বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক সুজন বিপ্লব, আবু তোয়াব অপু, তোফাজ্জেল হোসেন লস্কর ও আবু বকর সিদ্দিক।
সমাবেশে বক্তারা বর্তমান বাজেটের সমালোচনা করে বলেন, বিশাল আকারের এই বাজেটে দেশের সিংহভাগ শ্রমজীবী মানুষের রেশন, পেনশন ও কর্মসংস্থানের জন্য পর্যাপ্ত বরাদ্দ রাখা হয়নি। সামাজিক নিরাপত্তা খাতে যে ৫.৮% বরাদ্দ দেওয়া হয়েছে, তাও প্রয়োজনের তুলনায় অত্যন্ত অপ্রতুল। নিত্যপণ্যের ঊর্ধ্বগতির এই বাজারে দরিদ্র মানুষের জীবন বাঁচাতে অবিলম্বে পল্লী রেশনিং ব্যবস্থা চালু এবং ষাটোর্ধ্ব মজুরদের জন্য মাসিক ১০ হাজার টাকা বিনা জমায় পেনশন চালুর দাবি জানান নেতারা।
সমাবেশ থেকে গ্রামীণ মজুরদের কল্যাণে ৮ দফা দাবি পেশ করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে '১০০ দিনের কর্মসৃজন কর্মসূচি' পুনরায় চালু করা, ‘জাল যার, জলা তার’ নীতি অনুযায়ী বাঁওড়-জলমহালের ইজারা বাতিল করে প্রকৃত মৎস্যজীবী ও ভূমিহীনদের সামাজিক মালিকানা নিশ্চিত করা, বিনামূল্যে চিকিৎসা ও দরিদ্র শিক্ষার্থীদের কারিগরি শিক্ষার মাধ্যমে বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। একই সাথে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক চাষীদের দ্রুত ক্ষতিপূরণ দেওয়ার জোর দাবি জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক: ফরিদ উদ্দিন আহমেদ
ঠিকানা: ১৩/পি, বীর উত্তম সি.আর.দত্ত রোড, নাসির পয়েন্ট, ২য় তলা, বাংলামটর, ঢাকা-১০০০
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন