এ সম্পর্কিত আরও খবর
উৎসবমুখর পরিবেশে তেজগাঁও কলেজে 'নবীন বরণ ২০২৬' অনুষ্ঠিত
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২৯ জুন ২০২৬, ০৯:২১ পিএম
-
ছবি: সংগৃহীত
ঐতিহ্যবাহী তেজগাঁও কলেজে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো স্নাতক (সম্মান) ১ম বর্ষের (শিক্ষাবর্ষ: ২০২৫-২০২৬) ‘নবীন বরণ অনুষ্ঠান ২০২৬’।
আজ ২৮ জুন (রবিবার) কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাতে উপস্থিত হয়েছিলেন একঝাঁক বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্ব। অনুষ্ঠানে জুলাই আন্দোলনে তেজগাঁও কলেজের শিক্ষার্থীদের বীরত্বপূর্ণ ভূমিকার ভূয়সী প্রশংসা করার পাশাপাশি কলেজের আবাসন সংকট দূরীকরণ এবং উচ্চশিক্ষার বৈশ্বিক সুযোগ নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি প্রগতিশীল গণতান্ত্রিক ছাত্রদলের মাননীয় চেয়ারম্যান ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব ববি হাজ্জাজ, নবীনদের উদ্দেশ্যে বলেন,
"তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা জুলাই আন্দোলনে রাজপথে থেকে স্বৈরাচার মুক্ত করতে অত্যন্ত বড় ভূমিকা পালন করেছে। কিন্তু এখানেই শেষ নয়; যেভাবে আন্দোলন-সংগ্রাম করে তোমরা দেশকে স্বৈরাচার মুক্ত করেছ, ঠিক সেভাবেই এখন মন দিয়ে পড়াশোনা করে দেশের শীর্ষ জায়গাগুলো তোমাদের দখল করতে হবে।"
কলেজের প্রতি নিজের গভীর টানের কথা উল্লেখ করে তিনি ভবিষ্যতে যেকোনো প্রয়োজনে শিক্ষার্থীদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। একই সাথে কলেজের তীব্র আবাসন সংকট দূর করতে শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক ছাত্রাবাসের ব্যবস্থা করার জোরালো আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানের বিশেষ অতিথি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এ. এস. এম. আমানুল্লাহ শিক্ষার্থীদের জন্য এক যুগান্তকারী সুখবর ঘোষণা করেন। তিনি বলেন,
"শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা ও গবেষণার সুবিধার্থে ইতিমধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিশ্বের ১৫০টিরও বেশি খ্যাতনামা বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করা হয়েছে।"
এর ফলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরাসরি দেশের বাইরে মাস্টার্স বা উচ্চতর ডিগ্রি অর্জন এবং আন্তর্জাতিক মানের 'অ্যাপ্রেন্টিসশিপ' বা ইন্টার্নশিপের সুযোগ পাবেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের গৌরবময় সাফল্যের চিত্র তুলে ধরে তিনি আরও জানান, বর্তমান সংসদের শতকরা ৫০ থেকে ৬০ ভাগ সদস্যই জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী।
তেজগাঁও কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ মোখলেসুর রহমান কলেজের বিশালতার কথা উল্লেখ করে বলেন,
"তেজগাঁও কলেজে বর্তমানে ২৮,০০০ শিক্ষার্থী অধ্যয়ন করছে, যা বিশ্বখ্যাত অক্সফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী সংখ্যার চেয়েও বেশি। অথচ অত্যন্ত দুঃখের বিষয়, এত বিপুল সংখ্যক শিক্ষার্থীর এই কলেজে মেয়েদের জন্য কোনো হোস্টেল নেই এবং ছেলেদের হোস্টেলের অবস্থাও নাজুক।"
তিনি কলেজের এই আবাসন সংকটসহ সার্বিক অবকাঠামোগত উন্নয়নের জন্য সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করেন এবং দ্রুত সমস্যা সমাধানের তাগিদ দেন।
তেজগাঁও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শামীমা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. এ. টি. এম. জাফরুল আজম, তেজগাঁও কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ জহিরুল হক খন্দকার, উপাধ্যক্ষ জনাব মোঃ আনোয়ারুজ্জামান (আনোয়ার) এবং উপাধ্যক্ষ জনাব ফয়জুল ইসলাম ভূঁইয়া রবিন।
নবীনদের বরণ করে নেওয়ার এই অনুষ্ঠানটি শেষে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সব মিলিয়ে এক নতুন উদ্দীপনা আর স্বপ্নের মধ্য দিয়ে শুরু হলো তেজগাঁও কলেজের নবীন শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথচলা।
সম্পাদক ও প্রকাশক: ফরিদ উদ্দিন আহমেদ
ঠিকানা: ১৩/পি, বীর উত্তম সি.আর.দত্ত রোড, নাসির পয়েন্ট, ২য় তলা, বাংলামটর, ঢাকা-১০০০
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন