এ সম্পর্কিত আরও খবর
তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালকের বিরুদ্ধে
- পঞ্চগড় প্রতিনিধি
- প্রকাশ : ৩০ জুন ২০২৬, ০৭:৫১ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
পঞ্চগড়ে ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. রাজিউর রহমানের বিরুদ্ধে তথ্য অধিকার আইনে আবেদন করা সত্ত্বেও তথ্য সরবরাহ না করার অভিযোগ তুলেছেন কয়েকজন স্থানীয় সাংবাদিক।
তাঁদের দাবি, সরকারি দপ্তরের বিভিন্ন আর্থিক ও প্রশাসনিক বিষয়ে তথ্য চেয়ে আবেদন করলেও নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কোনো তথ্য দেওয়া হয়নি।
সাংবাদিকদের অভিযোগ, ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্প, শিক্ষক নিয়োগ, প্রশিক্ষণ ব্যয়, স্টেশনারি ক্রয় এবং অন্যান্য আর্থিক লেনদেনসংক্রান্ত তথ্য জানতে তাঁরা তথ্য অধিকার আইনের আওতায় আবেদন করেন। তবে আবেদন করার পরও সংশ্লিষ্ট দপ্তর থেকে কোনো তথ্য সরবরাহ করা হয়নি।
দৈনিক লোকায়নের বিশেষ প্রতিনিধি বদরুদ্দোজা প্রধান বলেন, ভুয়া বিল-ভাউচারের অভিযোগের বিষয়ে তথ্য যাচাই করতে গত ৩১ মার্চ তথ্য অধিকার আইনের আওতায় আবেদন করেন। কিন্তু দীর্ঘ সময় পার হলেও তিনি কোনো তথ্য পাননি।
আর টিভির পঞ্চগড় প্রতিনিধি হারুন অর রশিদ বলেন, একই দিনে আবেদন করার পর একাধিকবার কার্যালয়ে গেলেও তাঁকে কোনো তথ্য দেওয়া হয়নি।
নাগরিক টেলিভিশনের প্রতিনিধি সাইদুজ্জামান রেজা বলেন, দপ্তরের বিভিন্ন বিষয়ে তথ্য জানতে আবেদন করলেও তা সরবরাহ করা হয়নি। তাঁর দাবি, এ কারণে তথ্য যাচাই করে সংবাদ প্রকাশে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে।
সাংবাদিকদের আরও অভিযোগ, ইসলামিক ফাউন্ডেশনের অধীনে পরিচালিত কিছু কর্মসূচিতে অনিয়ম, শিক্ষক নিয়োগে স্বচ্ছতার অভাব এবং বিভিন্ন খাতে আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের সত্যতা যাচাই করতেই তাঁরা প্রয়োজনীয় নথিপত্র চেয়েছিলেন।
তবে এসব অভিযোগের বিষয়ে জানতে ইসলামিক ফাউন্ডেশন পঞ্চগড়ের উপপরিচালক মো. রাজিউর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
সম্পাদক ও প্রকাশক: ফরিদ উদ্দিন আহমেদ
ঠিকানা: ১৩/পি, বীর উত্তম সি.আর.দত্ত রোড, নাসির পয়েন্ট, ২য় তলা, বাংলামটর, ঢাকা-১০০০
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন