এ সম্পর্কিত আরও খবর
যুবদল নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ বিএনপি নেতার
- লক্ষ্মীপুর প্রতিনিধি
- প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ০৫:০৯ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপি নেতার কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে চাঁদা দাবি করা সাবেক যুবদল নেতা জাকির হোসেন ও তার সহযোগীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপি নেতা।
বুধবার (০১ জুলাই) দুপুরে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ভুক্তভোগী বিএনপি নেতা শাহজাহান কবিরাজ উত্তর চরবংশী গ্রামে এ আয়োজন করেন। এসময় শাহজাহানের অংশীজন মনির হাজী, খোকন ফরাজী, হাসান কবিরাজ ও কামাল আকঞ্জী উপস্থিত ছিলেন।
বিএনপি নেতা শাহজাহান কবিরাজের ভাষ্যমতে, তার ক্রয় করা ৫৮ শতাংশ জমি পরবর্তীতে বিক্রি করেছেন। এখন জাকির, তার ভাই তোফাজ্জল, মুরাদ, ছিদ্দিক ও জাহেরসহ একটি চক্র তাদের কাছে ৫ লাখ টাকা চাঁদা চেয়েছে। এখানে জমি বেচাকেনা হলেই তারা সংশ্লিষ্টদের কাছ থেকে চাঁদাবাজি করে। চাঁদা না পেলে তারা মালিকদেরকে জমি দখলে নিতে দেয় না। প্রতিবাদ করলে হামলা-মামলা দিয়ে হয়রানি করে।
অভিযুক্ত জাকির উত্তর চরবংশী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক। তিনি বলেন, ঘটনাস্থলে আমরাও জমি কিনেছি। এখন শাহজাহান বলছেন তারাও জমি কিনেছে। এনিয়ে আমাদের দ্বন্দ্ব রয়েছে। তাদের কাছ থেকে কেন চাঁদা চাইতে যাবো? আমাকে ফাঁসানোর জন্য মিথ্যা অভিযোগ দিচ্ছে।
উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমাম হোসেন গাজী বলেন, চাঁদা দাবির অভিযোগ সত্য নয়। জাকির ও শাহজানের সঙ্গে জমি নিয়ে বিরোধ রয়েছে। এটি নিয়ে আমাদের বসার কথা ছিল, কিন্তু হয়নি।
হাজীমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মমিনুল হক বলেন, জাকির একটি মামলা করেছে শাহজাহানের বিরুদ্ধে। ঘটনাটি জমি সংক্রান্ত। তবে চাঁদা দাবির বিষয়ে শাহজাহান কোন অভিযোগ দেয়নি।
সম্পাদক ও প্রকাশক: ফরিদ উদ্দিন আহমেদ
ঠিকানা: ১৩/পি, বীর উত্তম সি.আর.দত্ত রোড, নাসির পয়েন্ট, ২য় তলা, বাংলামটর, ঢাকা-১০০০
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন