এ সম্পর্কিত আরও খবর
ছাত্রদলের সহযোগিতায় হারানো মোবাইল ফিরে পেলেন শিক্ষার্থী
- রাজশাহী প্রতিনিধি
- প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ০৮:২৬ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
রাজশাহী কলেজে ভর্তি-সংক্রান্ত কাজে এসে প্রতারণার শিকার হয়ে হারানো একটি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে রাজশাহী কলেজ ছাত্রদল।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ২টার দিকে রাজশাহী কলেজের প্রশাসন ভবনে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইব্রাহিম আলী উদ্ধার হওয়া মোবাইল ফোনটি প্রকৃত মালিক বগুড়ার বাসিন্দা আতিকুর রহমানের হাতে তুলে দেন।
ভুক্তভোগী আতিকুর রহমান জানান, গত ২৯ জুন মাস্টার্সে ভর্তি-সংক্রান্ত কাজে রাজশাহী কলেজে আসেন তিনি। এ সময় এক ব্যক্তি পরিচয় ও সখ্য গড়ে তুলে ফোনে কথা বলার কথা বলে কৌশলে তার মোবাইল ফোনটি নিয়ে পালিয়ে যায়। পরে তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলেও ফোনটি উদ্ধার করতে পারেননি।
তিনি আরও জানান, পরে রাজশাহী মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ (আবির)-এর সঙ্গে যোগাযোগ করলে তার উদ্যোগে রাজশাহী কলেজ ছাত্রদলের নেতাকর্মী এবং পুলিশের সমন্বিত প্রচেষ্টায় মোবাইল ফোনটি উদ্ধার করা সম্ভব হয়।
মোবাইল ফোন ফিরে পেয়ে আতিকুর রহমান বলেন, “ফোনটি ফিরে পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলাম। কিন্তু রাজশাহী কলেজ ছাত্রদলের আন্তরিক সহযোগিতায় শেষ পর্যন্ত আমার ফোনটি ফিরে পেয়েছি। এজন্য তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।”
রাজশাহী কলেজ ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকে। শিক্ষার্থীদের যেকোনো সমস্যা গুরুত্বের সঙ্গে বিবেচনা করি। এই শিক্ষার্থীর হারিয়ে যাওয়া ফোনটি বিভিন্ন মাধ্যমে উদ্ধার করে ফিরিয়ে দিতে পেরেছি। আমরা শিক্ষার্থীবান্ধব ও নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে কাজ করে যাচ্ছি।
ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশিকুজ্জামান প্রীতম বলেন, বগুড়া থেকে মাস্টার্সে ভর্তি হতে আসা এক শিক্ষার্থীর মোবাইল ফোন প্রতারণার মাধ্যমে নিয়ে নেওয়া হয়েছিল। বিষয়টি জানার পর কলেজের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তকে শনাক্তের চেষ্টা করা হয়। বিভিন্ন প্রচেষ্টার মাধ্যমে মোবাইল ফোনটি উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিতে সক্ষম হয়েছি। তবে অভিযুক্ত ব্যক্তি এখনো গ্রেপ্তার হয়নি। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি নিয়ে কাজ করছে এবং আইনি প্রক্রিয়ায় পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় রাজশাহী মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ (আবির), রাজশাহী কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি জুবায়ের রশিদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ শেখ ইমন, সাংগঠনিক সম্পাদক নেহাল আহমেদ রায়হানসহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: ফরিদ উদ্দিন আহমেদ
ঠিকানা: ১৩/পি, বীর উত্তম সি.আর.দত্ত রোড, নাসির পয়েন্ট, ২য় তলা, বাংলামটর, ঢাকা-১০০০
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন