এ সম্পর্কিত আরও খবর
মাধবদীতে দুই মাসের শিশুকে নির্যাতনের ঘটনায় প্রধান আসামি লতা গ্রেপ্তার
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ০২:১৬ পিএম
-
ছবি: সংগৃহীত
নরসিংদীর মাধবদী থানায় দায়ের করা দুই মাস বয়সী এক শিশুর পায়ে গুরুতর আঘাত করে নির্যাতনের আলোচিত মামলার প্রধান আসামি ফারজানা আক্তার (লতা)কে গ্রেপ্তার করেছে র্যাব-১১। শুক্রবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১১, সিপিএসসি, নরসিংদী জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি দুই মাস বয়সী শিশুর ওপর নির্মম নির্যাতনের একটি ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়। পারিবারিক বিরোধের জেরে শিশুটির পায়ে গুরুতর আঘাত করার অভিযোগ ওঠে। এ ঘটনায় মাধবদী থানায় মামলা দায়েরের পর থেকেই র্যাব-১১ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্তে কাজ শুরু করে।
ছায়া তদন্ত, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং বিভিন্ন সূত্র যাচাই-বাছাইয়ের মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যে, মামলার প্রধান আসামি ফারজানা আক্তার (লতা) আত্মগোপনে রয়েছেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি, নরসিংদীর একটি চৌকস আভিযানিক দল নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে। একই সঙ্গে বাহিনীটি জানায়, নারী ও শিশু নির্যাতন একটি জঘন্য ও অমানবিক অপরাধ। এ ধরনের অপরাধের বিরুদ্ধে র্যাব ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে আসছে। অপরাধী যেই হোক না কেন, তাকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করাই র্যাবের অঙ্গীকার।
র্যাব-১১, সিপিএসসি, নরসিংদীর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: ফরিদ উদ্দিন আহমেদ
ঠিকানা: ১৩/পি, বীর উত্তম সি.আর.দত্ত রোড, নাসির পয়েন্ট, ২য় তলা, বাংলামটর, ঢাকা-১০০০
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন