এ সম্পর্কিত আরও খবর
গান, গম্ভীরা আর গ্রামীণ খেলায় মুখর অনুষ্ঠানে কৃষকদের ঋণ মওকুফের সনদ তুলে দিলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
- পঞ্চগড় প্রতিনিধি
- প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ০৪:১৯ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
গান, গম্ভীরা, গ্রামীণ খেলাধুলা আর উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে পঞ্চগড়ের বোদা উপজেলায় কৃষকদের হাতে কৃষি ঋণ মওকুফের সনদপত্র তুলে দেওয়া হয়েছে। একই সঙ্গে কৃষকদের মধ্যে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
রোববার দুপুরে বোদা মডেল পাইলট সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ‘কৃষি ঋণ মওকুফ সনদপত্র প্রদান’ অনুষ্ঠানে কয়েক হাজার কৃষক অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের পর স্থানীয় শিল্পীরা কৃষকদের নিয়ে সংগীত পরিবেশন করেন। পরে রাজশাহী থেকে আসা শিল্পীরা গম্ভীরার মাধ্যমে সরকারের বিভিন্ন কর্মসূচি, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডসহ নানা বিষয় তুলে ধরেন। সাংস্কৃতিক আয়োজন শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
জেলা প্রশাসক শুকরিয়া পারভীনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, পুলিশ সুপার আবু সাইম, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আহেমদ রাশেদ উন নবী এবং বোদা পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিল রেজা ফেরদৌস চিন্ময়।
অনুষ্ঠানে বোদা উপজেলার ৫ হাজার ৮৯০ জন কৃষকের হাতে মোট ৮ কোটি ৭৩ লাখ টাকার কৃষি ঋণ মওকুফের সনদপত্র তুলে দেওয়া হয়। পাশাপাশি প্রত্যেক কৃষককে পাঁচটি করে ফলদ ও বনজ গাছের চারা দেওয়া হয়। এতে মোট ২৯ হাজার ৪৫০টি চারা বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠান শেষে কৃষকদের অংশগ্রহণে হাঁস ধরা, কলাগাছ খেলা ও অন্যান্য গ্রামীণ খেলাধুলার আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে কৃষকেরা উৎসবমুখর পরিবেশে দিনটি উপভোগ করেন।
সম্পাদক ও প্রকাশক: ফরিদ উদ্দিন আহমেদ
ঠিকানা: ১৩/পি, বীর উত্তম সি.আর.দত্ত রোড, নাসির পয়েন্ট, ২য় তলা, বাংলামটর, ঢাকা-১০০০
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন