এ সম্পর্কিত আরও খবর
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পঞ্চগড়ে প্রস্তুতি সভা
- পঞ্চগড় প্রতিনিধি
- প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ০৫:১৯ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
আন্দোলন হারলে বাংলাদেশ হারবে—তারেক রহমানের সেই বার্তার স্মৃতিচারণ; জুলাই পরিবারের পাশে থাকার আহ্বান প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের।
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদ্যাপন উপলক্ষে পঞ্চগড়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
সভায় বক্তব্য দিতে গিয়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করে বলেন, আন্দোলনের সংকটময় সময়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান স্কাইপের মাধ্যমে নেতাকর্মীদের উদ্দেশে বলেছিলেন, তোমাদের জীবনের শেষ সুযোগ এটাই। এই আন্দোলন যদি হেরে যায়, বাংলাদেশ হেরে যাবে। বাড়ি গিয়ে পরিবারের কাছে বিদায় নিয়ে আসো। হয় জিতলে বাংলাদেশ থাকবে, তোমরা থাকবে; না হলে বাংলাদেশও থাকবে না, তোমরাও থাকতে পারবে না।
তিনি বলেন, ১৮ জুলাই থেকেই আমরা পরিবারের সদস্যদের কাছ থেকে বিদায় নিয়ে আন্দোলনে নেমেছিলাম। ১৯ জুলাই ছিল অত্যন্ত নিষ্ঠুর ও নির্মম একটি দিন। তবে সেই কঠিন সময় আমরা অতিক্রম করেছি।
প্রতিমন্ত্রী জানান, দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি ব্যক্তিগত উদ্যোগে নিজের বেতনের অর্থ থেকে প্রতি মাসে বোদা উপজেলার পাঁচটি জুলাই পরিবার এবং ময়নাদিঘির প্রথম শহীদের পরিবারসহ মোট ছয়টি পরিবারকে সম্মানী ভাতা দিয়ে আসছেন।
তিনি আরও বলেন, সংসদ সদস্যদের জন্য বরাদ্দ দেওয়া কার্যালয়ে তিনি দুইটি জুলাই পরিবারের সদস্যকে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। বোদা কার্যালয়ে একজন এবং দেবীগঞ্জ কার্যালয়ে একজনকে সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
ফরহাদ হোসেন আজাদ বলেন, যেভাবে মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো হয়, তেমনি জুলাই যোদ্ধাদেরও রাষ্ট্রীয়ভাবে স্মরণ করা উচিত। শুধু জুলাই আন্দোলন নয়, গত ১৭ বছরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যাঁরা নিহত, আহত, গুম বা পঙ্গু হয়েছেন, দলমত নির্বিশেষে তাঁদের আত্মত্যাগের স্বীকৃতি দিতে হবে এবং তাঁদের পরিবারের পাশে দাঁড়াতে হবে। সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার আবু সায়েম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পঞ্চগড় জেলা শাখার আমির ইকবাল হোসাইন, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহামিদা সুলতানা, আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা মনি রানীসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সভায় জুলাই পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: ফরিদ উদ্দিন আহমেদ
ঠিকানা: ১৩/পি, বীর উত্তম সি.আর.দত্ত রোড, নাসির পয়েন্ট, ২য় তলা, বাংলামটর, ঢাকা-১০০০
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন