এ সম্পর্কিত আরও খবর
সীমান্তে অবৈধ খুঁটি বসানোর চেষ্টা ব্যর্থ, বিজিবির কড়া অবস্থান
- লালমনিরহাট প্রতিনিধি
- প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ০৭:১৭ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের পঁয়ষট্টিবাড়ি সীমান্তে ভারতীয় নাগরিকদের সহায়তায় বিএসএফের অবৈধভাবে সিমেন্টের খুঁটি স্থাপনের চেষ্টা পণ্ড করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত এলাকায় যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে টহল জোরদারসহ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবি সদস্যরা।
আজ মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১১টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর সহকারী পরিচালক করিমুল ইসলাম।
বিজিবি সূত্রে জানা গেছে, গত সোমবার বিকেলে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর অধীনস্থ পঁয়ষট্টিবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। ওই দিন সীমান্ত মেইন পিলার ৮৪৫/১-এস থেকে ৮৪৫/২-এস-এর মাঝামাঝি শূন্য লাইন থেকে প্রায় ১০০ মিটার ভারতের অভ্যন্তরে কোচবিহার জেলার মেকলিগঞ্জ থানার হাড়িকামাত পানিশালা এলাকায় ভারতীয় ৯৮ ব্যাটালিয়ন বিএসএফের পানিশালা-১ ক্যাম্পের সদস্যরা স্থানীয় নাগরিকদের সঙ্গে নিয়ে পূর্বে স্থাপিত বাঁশের খুঁটি সরাতে শুরু করে।
পরবর্তীতে বাঁশের খুঁটিগুলো সরিয়ে সেখানে নতুন করে প্রায় ৩ থেকে ৪ ফুট উচ্চতার সিমেন্টের স্থায়ী খুঁটি স্থাপনের কাজ শুরু করা হয়। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই পঁয়ষট্টিবাড়ী বিওপির বিজিবির একটি নিয়মিত টহলদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আন্তর্জাতিক সীমান্ত আইন অমান্য করে অবৈধভাবে সিমেন্টের খুঁটি স্থাপনে তারা তাৎক্ষণিক তীব্র বাধা প্রদান করে। বিজিবির দৃঢ় অবস্থানের মুখে শেষ পর্যন্ত সিমেন্টের খুঁটি স্থাপনের কাজ বন্ধ রেখে পিছু হটতে বাধ্য হয় বিএসএফ সদস্য ও ভারতীয় নাগরিকরা।
৬১ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক করিমুল ইসলাম জানান, বিজিবির সঠিক সময়ে উপস্থিত ও শক্ত পদক্ষেপের কারণে বিএসএফ তাদের অবৈধ কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি বিজিবির পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং যেকোনো ধরনের উস্কানি বা অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে অতিরিক্ত নজরদারি ও টহল বৃদ্ধি করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: ফরিদ উদ্দিন আহমেদ
ঠিকানা: ১৩/পি, বীর উত্তম সি.আর.দত্ত রোড, নাসির পয়েন্ট, ২য় তলা, বাংলামটর, ঢাকা-১০০০
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন