এ সম্পর্কিত আরও খবর
মাধবদীতে দুই হাসপাতালে মোবাইল কোর্ট, ৮০ হাজার টাকা জরিমানা
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ০৩:০৪ পিএম
-
ছবি: সংগৃহীত
নরসিংদীর মাধবদী পৌর এলাকার আজগর আলী হাসপাতাল ও দেওয়ান হাসপাতালে মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) নরসিংদী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা জাহান সরকারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে হাসপাতাল দুটির লাইসেন্স নবায়ন না থাকা, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা এবং অন্যান্য অনিয়ম-অসংগতি ধরা পড়ে। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় আজগর আলী হাসপাতালকে ৫০ হাজার টাকা এবং দেওয়ান হাসপাতালকে ৩০ হাজার টাকা, মোট ৮০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট থেকে হাসপাতাল কর্তৃপক্ষকে আগামী দুই মাসের মধ্যে লাইসেন্স নবায়নসহ সব ধরনের অনিয়ম ও অসংগতি সংশোধনের নির্দেশ দেওয়া হয়। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে মুচলেকাও নেওয়া হয়েছে।
অভিযানে মাধবদী থানা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন নরসিংদী সদর উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর নার্গিস সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জলিল কায়সার খোকন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের মোবাইল কোর্ট ও তদারকি কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
(শান্ত বণিক, নরসিংদী)
সম্পাদক ও প্রকাশক: ফরিদ উদ্দিন আহমেদ
ঠিকানা: ১৩/পি, বীর উত্তম সি.আর.দত্ত রোড, নাসির পয়েন্ট, ২য় তলা, বাংলামটর, ঢাকা-১০০০
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন