এ সম্পর্কিত আরও খবর
শাহজাদপুরে কলেজের ভবন কম দামে বিক্রির অভিযোগ
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ০৬:৪৪ এএম
-
ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জের শাহজাদপুরের ঐতিহ্যবাহী জামিরতা ডিগ্রি কলেজের ৪টি ভবন সাজানো নিলামে কম মূল্যে বিক্রি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, নিলাম প্রক্রিয়ায় সরকার নির্ধারিত নিয়মাবলী যথাযথভাবে মানা হয়নি।
জানা যায়, ১৮ নভেম্বর কলেজ কর্তৃপক্ষ ৪টি পুরাতন ভবন নিলামের মাধ্যমে ১ লাখ ৪২ হাজার টাকায় বিক্রি করে। অভিযোগ রয়েছে যে, ভবনগুলোর মধ্যে ২টি ভবন পরিত্যক্ত হলেও, ক্লাস চলমান থাকা ২টি ভবনকেও পরিত্যক্ত দেখানো হয়েছে। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী নিলামের জন্য প্রাথমিক মূল্য নির্ধারণ, সংশ্লিষ্ট ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রচার, উপজেলা জুড়ে মাইকিং ও কলেজে প্রকাশ্যে নোটিশ প্রদর্শনের ব্যবস্থা থাকা উচিত ছিল। তবে অভিযোগে বলা হয়েছে, এসব প্রক্রিয়া উপেক্ষা করে নিলাম পরিচালনা করা হয়েছে।
নিলামের দিন কলেজে দেখা যায় নোটিশ বোর্ডটি আগে টাঙানো হয়নি; সাংবাদিকদের উপস্থিতির পরে বোর্ড একজন কর্মচারী টাঙিয়ে দেন। পরে কলেজের অধ্যক্ষ মোঃ হায়দার আলীর কক্ষে ঢুকে দেখা যায় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মির্জা স্বপন, যুবদল নেতা মালেক ও ইব্রাহিমসহ কয়েকজন নেতা নিলাম প্রক্রিয়ায় অংশ নেন। অভিযোগে বলা হয়েছে, পেশাদার কোনো ক্রেতাকে অংশগ্রহণের সুযোগ দেয়া হয়নি। পরবর্তীতে ১ লাখ ৪২ হাজার টাকায় কার্যাদেশ দেওয়া হয়েছে যুবদল নেতা আব্দুল্লাহ আল মামুনকে।

এই বিষয়ে কলেজের গভর্নিং বডির সভাপতি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন জুয়েল মুঠোফোনে বলেছেন, নিলাম উন্মুক্ত ও নিয়ম মাফিক অনুষ্ঠিত হয়েছে। কলেজের অধ্যক্ষ মোঃ হায়দার আলী ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও জানিয়েছেন, নিলাম যথাযথ নিয়ম মেনে করা হয়েছে এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার অনুমোদন নেওয়া হয়েছে। তিনি আরও বলেছেন, নিলামের সরকারি পরিপত্র শুধুমাত্র করকারি কলেজের ক্ষেত্রে প্রযোজ্য।
শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান বলেছেন, এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। যদি অভিযোগ প্রমাণিত হয়, তবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন