এ সম্পর্কিত আরও খবর
মাইকে ঘোষণা, বালু ভরাটকারীদের ধাওয়া গ্রামবাসীর
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ০৪:৫৫ এএম
-
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের সীতাকুণ্ডের সৈয়দপুর ইউনিয়নে সমুদ্র থেকে বালু তুলে প্রায় ১০০ একর কৃষিজমি ভরাটের উদ্যোগকে কেন্দ্র করে এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সোমবার দুপুরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে চার-পাঁচ শতাধিক গ্রামবাসী জামায়াত নেতা জসিম উদ্দিন ও রায়হান উদ্দিনের নেতৃত্বে আসা শ্রমিকদের ধাওয়া করলে তাঁরা পালিয়ে যান। ধাওয়া খেতে গিয়ে কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্র জানায়।
অভিযোগ রয়েছে, প্যাসিফিক জিন্সের মালিক এবং স্থানীয় আওয়ামী লীগ নেতার স্বজন সৈয়দ মোহাম্মদ তানভীর তাঁর কেনা জমি ভরাট করতে দুই জামায়াত নেতাকে দায়িত্ব দেন। তারা কয়েকটি ড্রেজার নিয়ে জমিতে বালু ভরাট শুরু করলে কৃষকরা বাধা দেন। কৃষকদের দাবি, ফসলপূর্ণ জমি ভরাটের আগে পরিবেশ অধিদপ্তরের অনুমতি, প্রশাসনের ছাড়পত্র এবং আগাম নোটিশ বাধ্যতামূলক, কিন্তু এগুলোর কোনোটিই ছিল না।
স্থানীয়রা জানান, এলাকায় টমেটো, ফুলকপি, লাউ, শিমসহ বিভিন্ন শীতকালীন সবজির চাষ হচ্ছে। বালু ভরাট হলে শতাধিক কৃষকের জীবিকা ক্ষতিগ্রস্ত হবে। পরিবেশকর্মীরা মনে করেন, সীতাকুণ্ডে শিল্প প্রতিষ্ঠার নামে কৃষিজমি ধ্বংসের প্রবণতা বাড়ছে এবং প্রশাসন কার্যত নীরব।
এদিকে জামায়াত নেতা জসিম ও রায়হান অভিযোগ অস্বীকার করে দাবি করেন, তাঁরা বালু ভরাটের সঙ্গে সম্পৃক্ত নন। জেলা জামায়াতও ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছে। প্যাসিফিক জিন্সের কর্ণধার তানভীরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সীতাকুণ্ড থানার ওসি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, কৃষিজমি ভরাটের কোনো অনুমোদন দেওয়া হয়নি। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন