এ সম্পর্কিত আরও খবর
গোপালগঞ্জে শ্রমিক নেতা হত্যা : ৫ জনের ফাঁসি, চারজনের আমৃত্যু কারাদণ্ড
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ০২:১২ এএম
-
ছবি: সংগৃহীত
গোপালগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি সাইদুর রহমান বাসু হত্যা মামলায় পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি চারজনকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন বুলবুল শেখ, হেদায়েত শেখ, তফসির শেখ, কিবরিয়া আল কাজী ও ঝন্টু শেখ। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর আব্দুর রশীদ মোল্লা।
মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ১৭ ফেব্রুয়ারি রাতে গোপালগঞ্জের কুয়াডাঙ্গা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যালয় থেকে মৌলভীপাড়ার বাসায় ফিরছিলেন বাসু। মৌলভীপাড়ায় পৌঁছালে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। এতে তার দুই পা ও এক হাত ভেঙে যায়। পরে হামলাকারীরা তাকে ফেলে রেখে পালিয়ে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে ওই রাতেই তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন সকালে তার মৃত্যু হয়।
এ ঘটনায় ২০১৭ সালের ২৯ আগস্ট গোপালগঞ্জ দায়রা জজ মো. দলিল উদ্দিন অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। পরবর্তীতে ২০১৮ সালের ১৬ আগস্ট মামলাটি বিচার ও নিষ্পত্তির জন্য ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এ স্থানান্তর করা হয়। সেখানে বিচার কার্যক্রম শেষে এ রায় দেওয়া হলো।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন