এ সম্পর্কিত আরও খবর
বিএনপি প্রার্থীসহ ৪০ নেতার আগাম জামিন
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৭ পিএম
-
ছবি: সংগৃহীত
শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপি ও জামায়াত নেতা-কর্মীদের সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় প্রধান আসামিসহ ৪০ জনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেলসহ দলের শীর্ষ পর্যায়ের ৪০ জন নেতাকে ছয় সপ্তাহের আগাম জামিন দেন হাইকোর্ট।
বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আসামিপক্ষের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। শুনানি শেষে হাইকোর্ট প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, রোববার (১ ফেব্রুয়ারি) রেজাউল করিম হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় মাহমুদুল হক রুবেলসহ ৪০ জন আসামি আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন।
এ বিষয়ে আইনজীবী ব্যারিস্টার শাহাদাত হোসেন জিকো জানান, শুনানি শেষে আদালত ৪০ জন আসামিকে ছয় সপ্তাহের আগাম জামিন প্রদান করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ঝিনাইগাতী উপজেলায় সংঘর্ষের ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিম নিহত হওয়ার পর তাঁর স্ত্রী মারজিয়া বাদী হয়ে মাহমুদুল হক রুবেলকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। গত শনিবার (৩১ জানুয়ারি) শেরপুর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মামলার বিস্তারিত তথ্য জানানো হয়। মামলায় ২৩১ জনকে নামীয় এবং আরও ৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
ঘটনার বিবরণ অনুযায়ী, গত ২৮ জানুয়ারি বিকেলে ঝিনাইগাতী মিনি স্টেডিয়াম মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে চেয়ার বসানোকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন মাওলানা রেজাউল করিম। পরে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন