এ সম্পর্কিত আরও খবর
কৃষি খাতে ঝুঁকি সমন্বিত নীতিমালা দ্রুত বাস্তবায়নের দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ০৪:৫৮ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
পঞ্চগড় প্রতিনিধি: সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা দ্রুত বাস্তবায়নের দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন করেছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) বীজ ও সার ডিলার অ্যাসোসিয়েশন।
বুধবার (১ এপ্রিল) দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলার ডিলাররা অংশ নেন। পঞ্চগড় জেলা বিএডিসি বীজ ও সার ডিলার অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা কৃষি খাতের গুরুত্ব তুলে ধরে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
বক্তারা বলেন, দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি কৃষি। ফসল উৎপাদনে সার একটি অপরিহার্য উপাদান, যা ছাড়া টেকসই উৎপাদন সম্ভব নয়। কৃষকের দোরগোড়ায় ন্যায্যমূল্যে সার পৌঁছে দিতে সরকার সার বিষয়ক জাতীয় সমন্বয় ও পরামর্শ কমিটির অনুমোদনের ভিত্তিতে ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা ২০২৫’ প্রণয়ন করেছে। কিন্তু বাস্তবায়নে ধীরগতি থাকায় মাঠপর্যায়ে এর সুফল পাচ্ছেন না কৃষকরা।
তারা আরও বলেন, কৃষি মন্ত্রণালয়ের সার মনিটরিং জোরদার করে দ্রুত ডিলার নিয়োগ ও সুষ্ঠু সার বিতরণ নিশ্চিত করা জরুরি। অন্যথায় কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। মানববন্ধন শেষে পঞ্চগড় জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীনের হাতে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন পঞ্চগড় জেলা বিএডিসি বীজ ও সার ডিলার অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান হক প্রধান, সাধারণ সম্পাদক হায়দার আলী বকুলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় আবু নাহিদ লাবুসহ জেলার বিভিন্ন উপজেলার ডিলাররা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন