এ সম্পর্কিত আরও খবর
মঞ্চে গায়িকাকে জড়িয়ে ধরলেন দর্শক
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৩০ এএম
-
ছবি: সংগৃহীত
মঞ্চে গান পরিবেশনের সময় বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হলেন জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী কনিকা কাপুর। লাইভ অনুষ্ঠান চলাকালে নিরাপত্তাবেষ্টনী ভেঙে আচমকা এক দর্শক মঞ্চে ছুটে আসেন। এ সময় তিনি গায়িকাকে জড়িয়ে ধরে কোলে তুলে নেওয়ার চেষ্টা করেন।
গত রবিবার রাতের এই ঘটনার ভিডিও অন্তর্জালে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
দর্শকরা জানান, ওই রাতে হাজারো দর্শক-শ্রোতার উপস্থিতিতে নিজের জনপ্রিয় গানগুলো পরিবেশন করছিলেন ‘বেবি ডল’ খ্যাত এই গায়িকা।
তিনি যখন গানে মগ্ন ছিলেন, ঠিক তখনই এক যুবক নিরাপত্তাবেষ্টনী টপকে মঞ্চে উঠে পড়েন এবং কনিকাকে জাপটে ধরে তুলে নেওয়ার চেষ্টা করেন। এমন আকস্মিক ঘটনায় গায়িকা কিছুটা হতভম্ব হয়ে পড়লেও গান থামাননি। দ্রুত নিরাপত্তারক্ষীরা ছুটে এসে ওই যুবককে ধরে মঞ্চ থেকে নামিয়ে দেন।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। জনসম্মুখে একজন নারী শিল্পীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। একজন লেখেন, যদি হাজার মানুষের সামনে একজন নারী নিরাপদ না হন, তবে একাকী চলাচলের সময় নিরাপত্তা নিয়ে ভাবলে আতঙ্কিত হতে হয়। অনেকে ওই যুবককে ভক্ত না বলে ‘হেনস্তাকারী’ হিসেবে অভিযুক্ত করেছেন।
অবশ্য বিষয়টি নিয়ে গায়িকা বা তার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বিবৃতি মেলেনি।
বলিউড সংগীতজগতের অন্যতম সফল গায়িকা কনিকা কাপুর। ‘বেবি ডল’, ‘চিটিয়া কালাইয়া’সহ অসংখ্য জনপ্রিয় গান রয়েছে তার ঝুলিতে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন