এ সম্পর্কিত আরও খবর
নতুন দায়িত্ব পেলেন কোয়েল মল্লিক
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ১১:৪৮ এএম
-
ছবি: সংগৃহীত
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক এবার ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। গত সোমবার (৬ এপ্রিল) তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে তিনি আনুষ্ঠানিকভাবে শপথ বাক্য পাঠ করেন।
এদিন পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, ওড়িশা ও মহারাষ্ট্র থেকে আরও ১৯ জন সদস্যও শপথ নেন। শপথ অনুষ্ঠানে কোয়েলের পাশে ছিলেন তার বাবা রঞ্জিত মল্লিক ও মা দীপা মল্লিক, স্বামী নিসপাল সিং রানে এবং ছেলে কবীরসহ পরিবারের অন্য সদস্যরা রাজ্যসভায় তার এই বিশেষ মুহূর্তের সাক্ষী হন।
দীর্ঘ দুই দশকের বেশি সময়ের অভিনয়জীবনে কোয়েল মল্লিক নিজেকে বিতর্কের বাইরে রেখেছেন। অভিনয়ে সাফল্যের পাশাপাশি ব্যক্তিত্ব ও সংযত উপস্থিতির জন্যও তিনি পরিচিত। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার ও তার পরিবারের সুসম্পর্ক দীর্ঘদিনের।
সম্প্রতি রঞ্জিত মল্লিকের বাড়িতে নির্বাচনী কাজে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সময় থেকেই কোয়েলের রাজনীতিতে আসা নিয়ে জোর গুঞ্জন শুরু হয়। যদিও সরাসরি নির্বাচনী রাজনীতিতে না নামলেও রাজ্যসভার মাধ্যমে জাতীয় রাজনীতির অঙ্গনে তার প্রবেশ ঘটল।
সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া শপথ গ্রহণের ভিডিওতে দেখা যায়, অভিনেত্রী নিজের নাম ‘রুক্মিণী মল্লিক’ হিসেবে উচ্চারণ করছেন। সাধারণ দর্শকদের কাছে তিনি কোয়েল নামে পরিচিত হলেও তার দাপ্তরিক ও একাডেমিক সব নথিতে আসল নাম রুক্মিণী।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন